তিন দিনের সফরে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং © সংগৃহীত
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের দ্বিতীয় দিন আজ বুধবার (৪ নভেম্বর) সকালে লিউ হাইশিংয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতের কথা রয়েছে। এরপর সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনা প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, একই ব্যুরোর উপমহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনইয়ান, বিভাগীয় পরিচালক ওয়াং সিচি এবং আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও।
এরপর সকাল ১১টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর সাক্ষাতের সূচি রয়েছে। পরে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। সেখানে বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধন করা হবে।
বুধবার বিকেলে জাতীয় জাদুঘর এবং ঢাকায় চীনের পুরোনো ও বর্তমান দূতাবাস ভবন পরিদর্শনের কথা রয়েছে লিউ হাইশিংয়ের। রাতে তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের এই মন্ত্রী। সেখানে তিনি জীবিকা সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন। সফর শেষে ওইদিন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছাড়ার কথা রয়েছে লিউ হাইশিংয়ের।