‘এমনটা আশা করিনি’, একমাত্র মেসির ভোট পেয়ে মাজা

০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ PM
লিওনেল মেসি ও ইব্রাহিম মাজা

লিওনেল মেসি ও ইব্রাহিম মাজা © সংগৃহীত

বায়ার লেভারকুসেনের তরুণ আলজেরিয়ান ফুটবলার ইব্রাহিম মাজাকে বিশেষ স্বীকৃতি দিয়েছেন লিওনেল মেসি। ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ‘কোপা ট্রফি’র জন্য নিজের ভোটে মাজাকে তৃতীয় স্থানে রেখেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। মেসির কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত এই আলজেরিয়ান ফুটবলার।

মেসির ভোটের তালিকায় মাজা ছাড়াও ছিলেন বার্সেলোনার দুই তরুণ তারকা লামিন ইয়ামাল ও পাউ কুবারসি। স্পেনের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এই দুই ফুটবলার যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিলেন। শেষ পর্যন্ত কোপা ট্রফির লড়াইয়ে নবম স্থান অর্জন করেন লেভারকুসেনের এই তরুণ মিডফিল্ডার।

তবে মেসির কাছ থেকে পাওয়া স্বীকৃতির খবরটি শুরুতে জানতে পারেননি মাজা। কারণ, তখন স্টুটগার্টের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

স্কাই স্পোর্টসকে মাজা বলেন, ‘আমি কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছি। তবে তখন ম্যাচের দিকেই বেশি মনোযোগ ছিল। বিষয়টি নিয়ে ভাবতে চাইনি। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, খবরটি সত্য কি না, তা নিশ্চিত হওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘ম্যাচ শেষে দ্রুত বিষয়টি দেখেছি। এ নিয়ে একটি ফোনও পেয়েছি। চেষ্টা করেছি, যাতে মনোযোগে ব্যাঘাত না ঘটে। তবে একের পর এক বার্তা আসতে শুরু করে। মেসির মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া এবং তার ভোটের তালিকায় জায়গা করে নেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের।’

এদিকে লেভারকুসেনে নিজের পারফরম্যান্স দিয়ে ইউরোপের ফুটবলে ক্রমেই পরিচিত হয়ে উঠছেন মাজা। তার প্রতিভায় মুগ্ধ হয়ে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবও আগ্রহ দেখাচ্ছে। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মুখোমুখি লড়াইয়ে মেসি ও মাজার প্রথমবার দেখা হয়েছিল। গ্রুপ পর্বের সেই ম্যাচে ৩-০ গোলে হেরে যায় আলজেরিয়া। ম্যাচে ৮২তম মিনিট খেলেছিলেন মাজা, আর ৮০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর জর্ডানকে হারিয়ে এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয় আলজেরিয়া। তবে শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

বিশ্বকাপে আলজেরিয়ার হয়ে চারটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন মাজা। যদিও কোনো গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি তিনি। তবে ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তরুণ মিডফিল্ডার। নতুন কোচ কার্লেস মার্তিনেজের অধীনে নিয়মিত একাদশে জায়গা করে নিচ্ছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে এখন পর্যন্ত তিন গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন মাজা।

২০২৫ সালের গ্রীষ্মে বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।

‎জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
  • ০২ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছ…
  • ০২ নভেম্বর ২০২৬
টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে
  • ০২ নভেম্বর ২০২৬
শিরোপা জয়ের পরও জরিমানা গুনল পাকিস্তান
  • ০২ নভেম্বর ২০২৬
১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা…
  • ০২ নভেম্বর ২০২৬
‘এমনটা আশা করিনি’, একমাত্র মেসির ভোট পেয়ে মাজা
  • ০২ নভেম্বর ২০২৬