ওয়াশরুমে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় কবি হেলাল হাফিজকে

১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজ © সংগৃহীত

কবি হেলাল হাফিজকে রাজধানীর শাহবাগের একটি হোস্টেলের ওয়াশরুমে পাওয়া যায়। তখন তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। শুক্রবার (১৩ ডিসেম্বর) শাহবাগের এক হোস্টেলে মারা যান কবি হেলাল হাফিজ। বর্তমানে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর জানান, শাহবাগের ওই হোস্টেলের একটি কক্ষে থাকতেন কবি হেলাল হাফিজ। দুপুরে তিনি হোস্টেলের একটি কমন ওয়াশরুমে যান। অনেকক্ষণ হলেও তিনি ওয়াশরুম থেকে বের হচ্ছিলেন না। পরে হোস্টেলের অন্য রুমের সদস্যরা ওয়াশরুমের সামনে এসে ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। পরে তারা বাধ্য হয়ে ওয়াশরুমের দরজা ভাঙেন। দরজা ভেঙে দেখতে পান কবি হেলাল হাফিজ ওয়াশরুমের ফ্লোরে পড়ে রয়েছেন এবং তার মাথা ফেটে অনেক রক্ত বের হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে তিনি বাথরুমে পড়ে যান। বাথরুমের বেসিনটিও ভাঙা ছিল। আমাদের ধারণা– তিনি বেসিনের ওপর পড়ে যান। তখন বেসিন ভেঙে যায় এবং উনার মাথা ফেটে যায়।

কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা ষাটের দশকের উত্তাল সময়ে। তবে প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয় দেশ স্বাধীন হওয়ারও অনেক পরে ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। ২০১৯ সালে প্রকাশ পায় কবির আরেকটি কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’।

‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’-উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় তার রচিত কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র এ পঙ্‌ক্তি দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন, তেমনি এখনো প্রেরণা জুগিয়ে চলেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে।

৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬