গভীর রাতে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত

প্রতিবাদে ক্যাম্পাসে কর্মসূচির ডাক
২৯ জুন ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১০:১১ AM
নিহত মো. ফাহিম

নিহত মো. ফাহিম © টিডিসি

রাজধানীর উত্তরায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফাহিম ও তার পরিবারের দুই সদস্যের। মর্মান্তিক এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা আজমপুর এলাকায়। পুলিশ জানায়, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাথে উঠে যায়। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা ফাহিম, তার বাবা ও ছোট ভাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ফাহিমের সহপাঠীরা বলছেন, এ মৃত্যু নিছক দুর্ঘটনা নয়—এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার নির্মম ফল। ‘‘একজন মানুষ ফুটপাতে দাঁড়িয়ে থাকবে আর ট্রাক গিয়ে তাকে পিষে মারবে—এটা কেমন রাষ্ট্র, কেমন নিরাপত্তা?’’—এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তারা।

ঘাতক ট্রাকচালককে আটক করা গেলেও ট্রাকটির মালিক এখনও ধরাছোঁয়ার বাইরে। বিচারহীনতার এই সংস্কৃতি নিয়েই শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তারা বলছেন, ‘‘আজ ফাহিম, কাল আমি। আমাদের কারও জীবন নিরাপদ নয়। এমন ঘটনার বিচার না হলে এই মৃত্যু থামবে না।’’

ফাহিমের মৃত্যুকে কেন্দ্র করে আগামীকাল সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় গেটের সামনে প্রতিবাদ সমাবেশ ও প্রেস কনফারেন্সের আয়োজন করেছে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের একটাই দাবি—ঘাতক চালকের সঙ্গে সঙ্গে মালিককেও বিচারের আওতায় আনতে হবে। ‘‘আমরা শুধু শোক করতে চাই না, ন্যায়বিচারও চাই। এই হত্যাকাণ্ডের জবাব রাষ্ট্রকে দিতেই হবে,’’ বলেন একজন শিক্ষার্থী।

প্রসঙ্গত, সদাহাস্য ফাহিম ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৩.১ সেমিস্টারের শিক্ষার্থী। প্রযুক্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই ছিল তার স্বপ্ন। সেই স্বপ্ন থেমে গেল ফুটপাতে, এক নির্মম চক্রে।

নিহতরা হলেন, জাবেদ আলম খান (৬২), নাইমুল হক (৩৫) ও ফাহিম  (২৩)। এদের মধ্যে ফাহিম ও নাঈম সম্পর্কে খালাতো ভাই। আর জাবেদ তাদের মামা। নাইমুল বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাদের বাড়ি খিলক্ষেত এলাকায়।

 

আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান
  • ০৬ নভেম্বর ২০২৬
বন্দিদশা থেকে ক্ষমতার কেন্দ্রে জিয়াউর রহমান, ৭ নভেম্বরের নে…
  • ০৬ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজে মুছে ফেলা হলো জুলাই গণঅ…
  • ০৬ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950