শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন © ফাইল ছবি
বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। কর্মবাজারে চাহিদা নেই এমন বিভাগ চালু রাখা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে না পারাকে উচ্চশিক্ষার বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম, গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে।
রবিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যালায়েন্স যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর আগে শিক্ষকদের শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। শিক্ষকদের শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে সেখানকার চাহিদা, সমস্যা ও কাজের ধরন সম্পর্কে ধারণা নিয়ে গবেষণা করতে হবে। সেই গবেষণার ভিত্তিতে কারিকুলাম, সিলেবাস ও পাঠদানের পরিকল্পনা তৈরি করলে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা একতরফা হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, উভয় পক্ষের প্রয়োজন ও লাভ নিশ্চিত করতে হবে। উন্নত বিশ্বের শিক্ষা-শিল্প সমন্বয়ের মডেল অনুসরণ করে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব সমস্যাভিত্তিক গবেষণা বাড়াতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে কর্মসংস্থান নিয়ে নানা আশঙ্কা তৈরি হলেও আশির দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের বিকাশের সময়ও চাকরি হারানোর ভয় তৈরি হয়েছিল। কিন্তু প্রযুক্তি নতুন সুযোগও সৃষ্টি করেছে। তাই এআইকে সমস্যা হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, জ্ঞানকে বাণিজ্যিকীকরণ এবং শিল্প খাতের সঙ্গে জ্ঞানের আদান-প্রদান বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বের হলেও তাদের কর্মসংস্থান নিশ্চিত করা যাচ্ছে না উল্লেখ করে শিক্ষার পরিকল্পনা ও বাজেটে কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ৫ বছরে বেকারত্ব কমানোর পরিকল্পনা, বরাদ্দ ও বাস্তবায়ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে বলেও তিনি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় করতে না পারলে এর সুফল পাওয়া যাবে না। গবেষণার জন্য অর্থের অভাবের কথা বলার পাশাপাশি বরাদ্দের ব্যবহার, প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। কর্মবাজারের চাহিদা বিবেচনায় বিভাগ ও বিষয় চালু করতে হবে; অপ্রয়োজনীয় বিভাগ খোলার অনুমোদন নয় কার্যকারিতা না থাকলে বিদ্যমান বিভাগ বন্ধের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
একইসঙ্গে সেশনজট কমিয়ে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের শিক্ষা শেষ করার সুযোগ নিশ্চিত করা, ভর্তি-পরীক্ষা-ফল প্রকাশের দীর্ঘসূত্রতা কমানো এবং প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক সংকট ও নিয়োগ জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রশাসনিক ফাইল চালাচালি ও সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব কমানো প্রয়োজন।
আরও খবর: ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবির সিদ্ধান্তে ক্ষোভ-অভিমান শিক্ষামন্ত্রীর
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণা, কারিকুলাম অ্যাডভাইজরি বোর্ড, ইনোভেশন হাব, ইনকিউবেটর এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম বাস্তবায়নে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসব উদ্যোগের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব, প্রয়োজনীয় অর্থ ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরতে হবে।
তিনি বলেন, শুধু দীর্ঘ বক্তৃতা কিংবা পরিকল্পনা নয়, বরাদ্দের যথাযথ ব্যবহার ও বাস্তব কাজের ফলাফল দেখাতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা না করে শিক্ষার্থীদের দক্ষতা, কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে। পুরোনো পদ্ধতির সীমাবদ্ধতা থেকে বেরিয়ে শিক্ষাব্যবস্থায় ধারাবাহিক পরিবর্তন আনতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যালায়েন্স-এর সভাপতি ও আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। এছাড়া দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান সেমিনারে অংশগ্রহণ করেন।