এনটিআরসিএ © ফাইল ফটো
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি এবং শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ সংশোধনে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠেয় এ সভায় দুটি বিষয় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল ১১টায় সভা শুরু হবে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভাপতিত্ব করবেন। সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব জহিরুল ইসলাম, মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে নাকি দুই ধাপে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। এই দুই বিষয়ের বাইরেও আরও একাধিক বিষয়ে আলোচনা হবে।’
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়। পূর্বে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নম্বর ২০ রাখা হয়েছিল। এটি ১০ নম্বর বাড়িয়ে ৩০ করার প্রস্তাব করা হয়েছে।
সূত্রের তথ্য বলছে, মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সুপারিশ করা হলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে আগামী মঙ্গলবারের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মাধ্যমেই প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিষয়টিও চূড়ান্ত করা হতে পারে। যদিও এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষা নিতে চেয়েছিল এনটিআরসিএ।