সরকারি লোগো © সৌজন্যে প্রাপ্ত
সরকারি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় বগুড়ার আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো—বগুড়ার কাহালু উপজেলার পৌরসভায় অবস্থিত কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয় এবং মনসুর হোসেন ডিগ্রি কলেজ। গত ১৫ ও ১৬ নভেম্বর পৃথক দুটি চিঠি থেকে এই তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
চিঠির তথ্যমতে, উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকেই জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিস-১ ও সদস্য সচিব, ‘মাননীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংসদীয় আসন-৩৯, বগুড়া-৪-এর নির্বাচনী এলাকার অন্তর্গত বগুড়া জেলার কাহালু উপজেলার পৌরসভায় অবস্থিত ‘কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়’ জাতীয়করণের জন্য নীতিমালা অনুযায়ী সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ চিঠি দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন।
অন্যদিকে, বগুড়ার মনসুর হোসেন ডিগ্রি কলেজের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়েও শিক্ষা সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে প্রতিষ্ঠান দুটির বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।