শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো
বেসরকারি স্কুল-কলেজের জাতীয়করণের খসড়া নীতিমালা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার পাসের হারের শর্তটি বাদ দেওয়া হয়েছে। যদিও পাবলিক পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল ভালো করা প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে। খসড়া নীতিমালায় নতুন করে ২৫ বছরের শর্ত যুক্ত করা হয়েছে।
পূর্বে তৈরিকৃত খসড়া নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সব পাবলিক পরীক্ষায় সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কমপক্ষে ৯০ শতাংশ অংশ গ্রহণ করতে হবে বলে উল্লেখ ছিল। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষার ক্ষেত্রে উত্তীর্ণের ন্যূনতম হার ৯০ শতাংশ হতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) ৭০ শতাংশ পাসের হার থাকতে হবে বলে উল্লেখ ছিল।
সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খসড়া নীতিমালায় এ বিষয়গুলো সংযোজন ও বিয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনের অনুমোদনের পর নীতিমালা গেজেট আকারে জারি হবে।
সোমবারের সভায় নীতিগতভাবে চূড়ান্ত হওয়া খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে, জাতীয়করণের জন্য প্রস্তাবিত শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার বয়স নূন্যতম ২৫ (পঁচিশ) বছর হতে হবে। প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষ, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থা সহ প্রয়োজনীয় ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র্যাম্প (Ramp) সুবিধা থাকতে হবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের অনুমোদন প্রক্রিয়া
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সম্ভাব্যতা যাচাই এবং সরকার প্রধানের নীতিগত অনুমোদন গ্রহণ; বিধি মোতাবেক সরকার প্রধানের চূড়ান্ত অনুমোদন গ্রহণের পূর্বে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ; সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে সরকারের অনুকূলে হস্তান্তরিত হয়েছে মর্মে গণ্য হবে;
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য প্রয়োজনীয় শর্তসমূহ
সরকার জনস্বার্থে যে কোন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে; নিজস্ব দখল ও মালিকানায় অবস্থিত খেলার মাঠসহ পর্যাপ্ত শর্তমুক্ত অখন্ড নিষ্কন্টক উপযুক্ত ভূমি থাকতে হবে।
শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) প্রযোজ্য হবে। এছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএ (NTRCA)-এর নিবন্ধনধারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে নিয়োগকৃত থাকতে হবে।
গ্রন্থাগার
নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়: গ্রন্থাগারে নূন্যতম ৩০০০ (তিন হাজার) বই থাকতে হবে। ৬.২ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: গ্রন্থাগারে নূন্যতম ৫০০০ (পাঁচ হাজার) বই থাকতে হবে। উচ্চ মাধ্যমিক কলেজ/স্নাতক কলেজঃ গ্রন্থাগারে নূন্যতম ১০০০০ (দশ হাজার) বই থাকতে হবে।
সহপাঠক্রমিক কার্যক্রম
তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কোর্স, ল্যাংগুয়েজ ক্লাব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং ও গার্লস গাইড, কম্পিউটার, বিএনসিসি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি কার্যক্রমে কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।
ল্যাব ও আইসিটি সুবিধা
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ল্যাব এবং প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারসহ নূন্যতম একটি স্বতন্ত্র আইসিটি/কম্পিউটার ল্যাব সুবিধা থাকতে হবে।
অগ্রাধিকার
সরকারিকরণের ক্ষেত্রে আর্থ-সামাজিক ভাবে অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্য পীড়িত ও অপেক্ষাকৃত কম শিক্ষার হার বিশিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান; সংশ্লিষ্ট এলাকার পুরাতন, ঐতিহ্যবাহী এবং পূর্ববর্তী ০৫(পাঁচ) বছরের মোট শিক্ষার্থীর সংখ্যা এবং পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এলাকাভিত্তিক প্রতিষ্ঠানটির অবস্থান; সরকার বিশেষ বিবেচনায় এই নীতিমালার যে কোন শর্ত শিথিল করে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারেন।