ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পরাজিত হওয়া বিএনপির আলোচিত কয়েকজন নেতা (ওপরে); এমপি নির্বাচিত বিদ্রোহী ৭ নেতা (নিচে) © টিডিসি সম্পাদিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করার দায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। তৃণমূলের সাংগঠনিক বিভক্তি দূর করা, স্থানীয় পর্যায়ের কোন্দল নিরসন এবং দলকে ঐক্যবদ্ধ করতেই এ উদ্যোগ নিয়েছে দলটির হাইকমান্ড। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি।
দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে কেন্দ্র থেকে তারা চিঠি পাবেন। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভূমিকা রাখার অভিযোগে বহিষ্কৃত তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। তবে প্রত্যেকের অতীত রাজনৈতিক ভূমিকা, দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক অবদান এবং স্থানীয় বাস্তবতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের অনেকেরই নিজ নিজ এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ও শক্তিশালী অনুসারী রয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বহিষ্কার করা হলেও নির্বাচনের পরও এসব নেতার সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশ সক্রিয় রয়েছে। ফলে বহিষ্কৃত নেতাদের কেন্দ্রীয়ভাবে দল থেকে বিচ্ছিন্ন করা গেলেও স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব পুরোপুরি কমেনি।
এসব নেতার বহিষ্কারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে নতুন করে গ্রুপিং, কোন্দল ও বিভক্তি তৈরি হয়েছে। অনেক এলাকায় সংসদ সদস্য ও দলীয় প্রার্থীর অনুসারীদের সঙ্গে বহিষ্কৃত নেতাদের অনুসারীদের দূরত্ব বাড়ছে। দলীয় কর্মসূচিও পালিত হচ্ছে পৃথকভাবে। এর সর্বশেষ প্রকাশ দেখা গেছে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে। বিভিন্ন এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও তার অনুসারীদের কর্মসূচির বাইরে গিয়ে বহিষ্কৃত নেতারা পৃথক কর্মসূচি পালন করেন।
দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের অনেকেরই নিজ নিজ এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ও শক্তিশালী অনুসারী রয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বহিষ্কার করা হলেও নির্বাচনের পরও এসব নেতার সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশ সক্রিয় রয়েছে। ফলে বহিষ্কৃত নেতাদের কেন্দ্রীয়ভাবে দল থেকে বিচ্ছিন্ন করা গেলেও স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব পুরোপুরি কমেনি।
কোনো কোনো এলাকায় বহিষ্কৃত নেতাদের কর্মসূচিতে সাধারণ নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি হাইকমান্ডের নজরে এসেছে। এতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্য ও নির্বাচনী ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভুল স্বীকার করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করা নেতাদের পর্যায়ক্রমে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যোগ্যতা ও অতীত সাংগঠনিক অবস্থান বিবেচনায় তাদের আগের পদ-পদবিও ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে দল।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বহিষ্কৃত নেতাদের আবেদনের বিষয়গুলো ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত নেতারা যাচাই-বাছাই করছেন। যাদের আবেদন প্রক্রিয়া যথাযথ এবং অতীতে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবদান রয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। এ প্রক্রিয়ায় শুধু বিদ্রোহী প্রার্থী নন, অন্য নেতারাও দলে ফেরার সুযোগ পাবেন। সংখ্যা বিবেচনায় নয়, অতীত অবদান বিশ্লেষণ করে দলকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করতেই হাইকমান্ড এ উদ্যোগ নিয়েছে। সংখ্যাটি কয়েক শও হতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।

মনিরুলকে ফিরিয়ে শুরু প্রক্রিয়া
বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
মনিরুল ইসলামের বিষয়ে রিজভী বলেন, মনিরুল এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সংগঠন ও আন্দোলন-সংগ্রাম মিলিয়ে তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা। হয়তো জোটের কারণে সেখানে তাকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তার বিষয়টি চেয়ারম্যান বিবেচনা করেছেন।
এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্র। সর্বশেষ মঙ্গলবার মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া আরও দৃশ্যমান হয়েছে।
নিরবকে ঘিরেও আলোচনায় প্রত্যাবর্তনের বার্তা
বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর আলোচনার মধ্যে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবের উপস্থিতিও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান।

সাইফুল আলম নিরব বলেন, ‘দলে আমার পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক—আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকব।’ তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করেই তিনি বিএনপি করেন। নির্বাচনের পরও দলের সব কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি পালন করছেন। তিনি আশা করেন, দল বিষয়টি বিবেচনা করবে।
বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজনই নির্বাচিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঐক্যের তাগিদ
জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ, ভোটের মাঠে বিদ্রোহ এবং পরবর্তী বহিষ্কারের ক্ষত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরলেও তৃণমূলে দলটির পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বরং জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বহিষ্কৃত অনেক নেতা এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।
বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
বহিষ্কৃত নেতাদের ভাষ্য, জাতীয় নির্বাচনে তাদের অনেকে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনো তাদের সঙ্গে রয়েছেন। ফলে সাংগঠনিকভাবে বহিষ্কৃত হলেও স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব অটুট রয়েছে। অন্যদিকে জাতীয় নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় বিএনপি। এ অবস্থায় বিদ্রোহী নেতাদের সঙ্গে বিরোধ জিইয়ে রেখে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।
আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এবার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, সংগঠনকে সুসংহত করা এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে বিএনপির দুই থেকে তিনজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কোথাও কোথাও এ সংখ্যা আরও বেশি। অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠা করা গেলে নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে সরকার পরিচালনার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও দলকে সক্রিয় ও গতিশীল রাখতে চায় বিএনপি।
আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায়ও সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্য
সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। দলটির নীতিনির্ধারকদের ধারণা, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখা জরুরি।
দলটির নেতাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি থাকা নেতাদের বাইরে রেখে সংগঠনকে শক্তিশালী করা কঠিন। বিশেষ করে যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের মধ্যে প্রভাব ধরে রেখেছেন, তাদের দলে ফিরিয়ে আনা গেলে সাংগঠনিক সক্ষমতা বাড়বে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিদ্রোহ ও বিভক্তি তৈরির আশঙ্কাও কমানো সম্ভব হবে।
আরও খবর: ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
সব মিলিয়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগকে কেবল শাস্তি প্রত্যাহারের প্রক্রিয়া হিসেবে দেখছে না বিএনপি। বরং ক্ষমতায় আসার পর তৃণমূলের সাংগঠনিক পুনর্বিন্যাস, অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে রাজনৈতিক শক্তি সংহত করার কৌশল হিসেবেই দেখছেন দলটির নীতিনির্ধারকরা। এখন দেখার বিষয়, কেন্দ্রের এই উদ্যোগ কতটা কার্যকরভাবে তৃণমূলের বিভক্তি দূর করতে পারে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন জানিয়ে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ষড়যন্ত্রের শিকার হয়ে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আমি বিশ্বাস করি, এটা সাময়িক। কারণ বিএনপির সঙ্গে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক। রক্তের সম্পর্ক। কেউ ষড়যন্ত্র করলেই আমাকে শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।
ফরহাদ বলেন, বিএনপির সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। কলেজে পড়াকালীন আমি সরকারি এমএম আলী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম। ছিলাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি। পরবর্তীতে তরুণ বয়সে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পরপর দুইবার সাধারণ সম্পাদক। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে বিএনপির সঙ্গে, দলের তৃণমূল নেতাকর্মীর সঙ্গে সর্বপরি জেলার প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, ‘বিগত নির্বাচনে আমি সাধারণ মানুষের দাবির প্রতি সমান জানিয়ে প্রার্থী হতে বাধ্য হয়েছিলাম। চাপে পড়ে দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার সম্পর্কে আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সব অবগত। তিনি যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। তার প্রতি আমার শতভাগ আস্থা আছে। আশা করি, শিগগিরই আমাকে দলে ফিরিয়ে নিয়ে পরাজিত ও পতিত ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করার সু্যোগ দেয়া হবে।’