প্রশ্ন রুমিন ফারহানার

বেগম জিয়াকে কারাগারে নেওয়ার পর বগুড়ার একটা লোকও কি রাস্তায় নেমেছিল?

১৯ নভেম্বর ২০২৬, ১১:০২ AM
এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা

এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা © সংগৃহীত

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির আন্দোলন-সংগ্রামের ধরন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি প্রশ্ন করেছেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার সময় বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দেওয়া হলেও বিএনপির শক্তিশালী ঘাঁটি বগুড়ায় একজন মানুষও কি প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন? একই সঙ্গে তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেত্রীর জন্য লড়াই করার মতো নিবেদন ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।

দেশে জাতীয় সংলাপ আয়োজনের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না। তার মতে, জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বগুড়ার কোনো মানুষ কি সেদিন রাস্তায় নেমেছিল, যেদিন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছিল? যখন তাকে কারাগারে নেওয়ার সময় বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছিল, তখন বগুড়ায় কি উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ হয়েছিল? গোপালগঞ্জের আশপাশের এলাকার কথা বাদই দিলাম, বগুড়ার মতো বিএনপির শক্তিশালী ঘাঁটিতেও কি এমন কিছু হয়েছিল, যা মানুষের নজরে পড়েছে? হয়নি।

রুমিন ফারহানা বলেন, আমি আপনাকে অন্যভাবে প্রশ্ন করি। বিএনপি কি এমন একটি রাজনৈতিক দল, যারা এ ধরনের বিক্ষোভ বা প্রতিরোধমূলক কর্মসূচিতে যায়? বিএনপি যদি কখনো এ ধরনের কর্মসূচি না করে থাকে, তাহলে তাদের রাজনৈতিক চরিত্রের একটি দিক তো এখানে উঠে আসে। অনেকে বলেন, বিএনপি বিরোধী দলের চেয়ে সরকারি দল হিসেবে ভালো পারফর্ম করে। এটাকে ইতিবাচকভাবে দেখলে বলা যায়, তারা একেবারে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে যায় না। তবে বাংলাদেশের রাজনীতি করবেন, অথচ কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়াবেন না এটাও তো একধরনের সাংঘর্ষিক অবস্থান।

তিনি আরও বলেন, আমি বিতর্ক করছি না, শুধু যুক্তির জায়গা থেকে কথাগুলো বলছি। সাতক্ষীরা কিংবা চাঁপাইনবাবগঞ্জে জামায়াত যে ধরনের প্রতিরোধ করেছে, গোপালগঞ্জে আওয়ামী লীগ যে ধরনের প্রতিরোধ করেছে, বিএনপির ক্ষেত্রে তেমন কোনো উদাহরণ কি আছে? বিষয়টি আপনি বিভিন্নভাবে দেখতে পারেন। আমি যেহেতু আইনজীবী, আমাকে কখনো আসামিপক্ষের হয়ে, আবার কখনো বাদীপক্ষের হয়ে যুক্তি দিতে হয়। আজ এখানে বিএনপির কেউ থাকলে হয়তো বলতেন, বিএনপি একটি ভদ্র রাজনৈতিক দল। তারা এসব করতে পারে না। কিন্তু আমি যদি বলি, বিএনপি একটি অযোগ্য দল, তাদের নেতাকর্মীদের মধ্যে নেত্রীর জন্য লড়াই করার মতো যথেষ্ট নিবেদন নেই, তাহলেও কি প্রশ্ন তোলা যায় না?

তিনি আরও বলেন, নেত্রীর ওপর অন্যায় হলে আমি আমার জীবন দিয়ে তা প্রতিরোধ করব এমন মানসিকতা তো থাকার কথা। ২১ আগস্ট শেখ হাসিনাকে বাঁচানোর জন্য কতজন নেতা নিজের শরীরে স্প্লিন্টার নিয়েছিলেন? আপনি এমন একটি উদাহরণ দিয়েছেন, যেটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার চোখেও স্প্লিন্টার লেগেছিল। চোখে অস্ত্রোপচার করতে হয়েছে। আমি কি ইচ্ছা করে নেত্রীর জন্য স্প্লিন্টার নিয়েছিলাম? না। আমি কর্মসূচিতে অংশ নিয়েছিলাম, সেখানে উপস্থিত ছিলাম। এটি ছিল একটি দুর্ঘটনা।

‘আমি ট্রাকের ওপর ছিলাম না, নিচে ছিলাম। ট্রাকের ওপর যারা ছিলেন, তারা মানবঢাল তৈরি করেছিলেন। প্রশ্ন হলো, এই মানবঢাল কাকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল? আমি সেই তুলনায় যেতে চাই না। তবে বাংলাদেশের মানুষ দুই দলের নেতাকর্মীদের মধ্যে যে পার্থক্য রয়েছে, তা জানে। এর পেছনেও কিছু কারণ আছে। বিএনপি মাত্র ১৭ বছর পানির নিচে থাকার পর সম্প্রতি মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। কিন্তু মাথা তোলার পরপরই ১৭ বছর ধরে যারা তাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন, সেই সহযোদ্ধাদের একধরনের ঝটকায় আবার পানির নিচে ফেলে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিএনপির সুবিধাভোগী একটি গোষ্ঠী ওপরে উঠে এসেছে। আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টি ভিন্নভাবে দেখা যায়। সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে কেউ সামান্য সহযোগিতা করলেও পরবর্তী সময়ে সেই সহযোগিতার প্রতিদান পাওয়ার একটি প্রবণতা দেখা যায়। কথার কথা বলছি, কেউ যদি তাকে একটি সেফটিপিন দিয়েও সহযোগিতা করে থাকেন, ক্ষমতায় আসার পর তাঁর পরবর্তী প্রজন্মের জন্যও সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, এ বিষয়ে ভিন্ন গল্পও বলা যায়। ইতিহাসে অনেক কিছুই লিপিবদ্ধ ও নথিভুক্ত আছে। তবে আমি সেই বিতর্কে যেতে চাই না। একজন রাজনৈতিক নেতাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়, সেখানে ব্যতিক্রমও থাকে। কারণ, একজন মানুষকে বাইরে থেকে যতটা দেখা যায়, তার ভেতরের গল্প আরও অনেক গভীর হতে পারে।

‘আমি জিয়া পরিবারেরও কেউ নই, শেখ পরিবারেরও কেউ নই। আল্লাহর অশেষ রহমতে দুই পরিবারের সঙ্গেই আমার কোনো সম্পর্ক নেই। আমি একসময় বিএনপির কর্মী ছিলাম, এখন সেটিও নই। দূর থেকে যা দেখি, তাতে একটি দলের নেতার ব্যাপারে মানুষের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, কেউ তাঁকে সামান্য সহযোগিতা করলেও তিনি পরবর্তী প্রজন্ম পর্যন্ত সেই সহযোগিতার প্রতিদান দেওয়ার চেষ্টা করেন। এর একটি উদাহরণ হিসেবে শিরীন শারমিন চৌধুরীর কথা বলা যায়। তিনি নিজে কখনো রাজনীতি করেননি। তাঁর বাবা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি কিছু সহযোগিতা করেছিলেন বলে যে বিষয়টি আলোচনায় রয়েছে, তার প্রতিদান শেখ হাসিনা দ্বিতীয় প্রজন্মে এসে দিয়েছেন বলে একটি ধারণা প্রচলিত আছে।’

‘এই পার্থক্যের কারণেই হয়তো একটি দলের নেতাকর্মীরা তাদের নেতার জন্য মানবঢাল তৈরি করেন, আর অন্য দলের ক্ষেত্রে সেই ধরনের নিবেদন নিয়ে প্রশ্ন ওঠে। তাহলে কি বাংলাদেশে ভালো কাজের কোনো প্রতিদান নেই? ভালো কাজ বলতে কী বোঝাচ্ছি, সেটিরও একটি সংজ্ঞা থাকা দরকার। তবে আমি যে গোপালগঞ্জের উদাহরণ দিয়েছি, সেখানে তারা কোনো ধরনের হামলা করেনি। অনেকে আমাকে বলেছেন, আওয়ামী লীগ লাশ চায়। লাশ পেলেই তারা আন্দোলনকে যৌক্তিকতা দিতে পারবে। অন্যদিকে, বিএনপি আঘাত করেনি, মারপিট করেনি—এটি তারা ভালো কাজ হিসেবে দেখছেন। আমি সেটিকে অস্বীকার করছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেখানে যদি কোনো নৃশংস ঘটনা ঘটত, বিএনপি সেটি সামাল দিতে পারত কি না?’

এমপি রুমিন ফারহানা বলেন, এ ছাড়া গত আট-নয় মাস ধরে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তারা যতটা সম্ভব নমনীয় অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কঠোরতা দেখানোর জায়গাটা কোথায়? প্রতিপক্ষকে তো শুরুতেই মাঠ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাহলে কার সঙ্গে কঠোরতা দেখাবে? আওয়ামী লীগ আমাদের সঙ্গে গায়ের জোরে কঠোরতা তৈরি করেছিল। তখন বিএনপি তো মাঠেই ছিল। আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। মান্না ভাইকে কারাগারে নেওয়া হয়েছিল। দেশের সব কারাগারের ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার, অথচ সেখানে একসময় প্রায় ১ লাখ ৫ হাজার বন্দি রাখা হয়েছিল। বাথরুম পর্যন্ত মানুষ অবস্থান করত। এরপর তো কারাগারে বিদ্রোহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল। তখন আপনি কী করতেন? বিএনপিকে এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে।

‘বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হতে পারত। কিন্তু তারা কি হচ্ছে? আপনি কী বলবেন, হচ্ছে না? শারীরিক নির্যাতন বলতে কী বোঝায়, কারাগারে কীভাবে নির্যাতন করা হয়েছে, কীভাবে পিটিয়েছে—এসব অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করা যায় না।
আমার বাবা জীবনের ৮২ বছরের মধ্যে ১৯ বছর কারাগারে কাটিয়েছেন। রাজনীতি করলে কারাগারে যেতে হতে পারে, এটি নতুন কোনো বিষয় নয়। কিন্তু কারাগারে শারীরিক নির্যাতনের বিষয়টি আলাদা।এখনো নাকি কারাগারে নির্যাতনের ঘটনা ঘটছে। 

শেষে তিনি আরও বলেন, আমার কানে এসেছে, নারীদের ওপর রাতের বেলা লাইট বন্ধ করে নির্যাতন করা হচ্ছে। তবে আমি এর সত্যতা জানি না। সত্য-মিথ্যা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এ ধরনের অভিযোগ কানে এসেছে। আপনার কাছে এসব তথ্য আসার মাধ্যম তো একটাই—গণমাধ্যম। কিন্তু গণমাধ্যম কতটুকু স্বাধীন? আমি চার মাসেরও বেশি সময় আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কারাগার পরিদর্শনের জন্য আবেদন করেছিলাম। এখন পর্যন্ত সেই আবেদনের বিষয়ে কী হয়েছে, সেটিও একটি প্রশ্ন।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম…
  • ১৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে জামালপুরের বিভিন্ন মোড়ে বিএনপির …
  • ১৯ নভেম্বর ২০২৬
নিরাপদ প্রত্যাবাসনের আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা
  • ১৯ নভেম্বর ২০২৬
বেগম জিয়াকে কারাগারে নেওয়ার পর বগুড়ার একটা লোকও কি রাস্তায় …
  • ১৯ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
  • ১৯ নভেম্বর ২০২৬
৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ, আবেদন আজ থেকে
  • ১৯ নভেম্বর ২০২৬