বিএনপিরে নেতাকর্মীদের অবস্থান © টিডিসি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে জামালপুর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
সকাল থেকেই শহরের ফৌজদারি মোড়, বকুলতলা মোড়, কম্পপুর মোড়, বিজয় চত্বর ও বাইপাস মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় স্লোগান দিয়ে রাজপথে অবস্থান করেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে দেখা যায় তাদের।
আওয়ামী লীগের পূর্বঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচির নামে কেউ যেন জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি কিংবা কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সে লক্ষ্যেই তাদের এ অবস্থান বলে জানিয়েছেন দলীয় নেতারা।
জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অতীতে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। এখন লকডাউন কর্মসূচির নামে আবারও কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জামালপুরের মানুষের জানমাল রক্ষা এবং শহরের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।’
তিনি আরও বলেন, জনগণের জানমালের ক্ষতি হয় কিংবা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, এমন কোনো কর্মকাণ্ড জামালপুরে করতে দেওয়া হবে না। যেকোনো পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবেন।