গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আ’লীগ নেতাকর্মীরা © সংগৃহীত
গোপালগঞ্জে বিএনপি দলীয় দুই এমপির বাড়িতে আগেই আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার গোপালগঞ্জ-১ আসনের দলটির আরেক সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যোয়নি। এর মাধ্যমে গোপালগঞ্জ জেলার তিনটি আসনেই বিএনপির এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এর আগে সকালে এমপির বাড়িতে হামলার ঘোষণা দেন নিষিদ্ধ দলটির নেতারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংসদ সদস্যের বাড়িতে অবস্থান নেন। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম গণমাধ্যমকে জানান, মাঝিগাতী গ্রামে এমপির দোতলা বাড়ি ও টিনসেড ঘরে হামলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন। পরে পেট্রোল ও অকটেন দিয়ে আগুন ধরিয়ে দেন। এর আগে সংসদ সদস্যের স্বজনরা বাড়ি থেকে বের হয়ে যান।
আরও খবর: চাপাতি হাতে আ. লীগ নেতাকর্মীদের মিছিল, থমথমে গোপালগঞ্জ—বিএনপির কার্যালয় ভাঙচুর
পরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা।
এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি। অন্যদিকে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।