উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও গোবিপ্রবি লোগো © টিডিসি সম্পাদিত
গোপালগঞ্জে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করলেও ক্যাম্পাসে অবস্থান না করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭-এর খেলা দেখতে গেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার খেলা দেখতে যান। এর আগে থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
গত রবিবার (১৫ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করতে থাকে।
একই দিন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কয়েকজন শিক্ষার্থী হাদি চত্বরের ব্যানার ছিঁড়ে সেখানে মুক্তিযুদ্ধ চত্বরের ব্যানার লাগান। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেটি খুলে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে ক্যাম্পাসে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না দেখার অভিযোগ শিক্ষার্থীদের।
এরই মধ্যে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতীতে অবস্থিত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া সন্ধ্যায় মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাওয়ের পর সেখানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মঙ্গলবার রাতে অনলাইনে জরুরি রিজেন্ট বোর্ডের সভায় দুই দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দেওয়া হতে থাকে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করে আগের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগেই অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ। এ সময় উপাচার্যের খেলা দেখতে রাজশাহী যাওয়ার বিষয়টি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা দেখা যায়।
এসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা বিগত কয়েক দিন ধরেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এমন সংকটপূর্ণ মুহূর্তে উপাচার্য ক্যাম্পাসে অবস্থান না করে বাইরে চলে গেছেন। এই সময়ে শিক্ষার্থীদের প্রধান চাওয়া ছিল, তিনি যেন ক্যাম্পাসে অবস্থান করেন। কিন্তু তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার চেয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে উপস্থিত থাকাকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমাদের মনে হয়েছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার পরিবর্তনের পর সাধারণ শিক্ষার্থী ও উপস্থিত ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ সময় তাদের পক্ষ থেকে এমন বক্তব্য এসেছে যে, ১৯ নভেম্বরের মতো সংকটপূর্ণ পরিস্থিতিতেও উপাচার্য ক্যাম্পাসে উপস্থিত না থাকলে এরপর থেকে তাঁকে ক্যাম্পাসে দেখতে চান না ক্রিয়াশীল ছাত্রসংগঠন থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরাও।
শাখা ছাত্রদলের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ফারুক খন্দকার বলেন, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতে ছাত্রদলের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কর্মসূচি নির্ধারণ করা হয়নি। গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে দায়িত্ব পালনে ব্যর্থতার চিত্র দেখা গেছে। আমরা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আশানুরূপ সাড়া পাইনি। তাই আজ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। কেউ যেন কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়েও নজরদারি করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা মোকাবিলা করবে।
এদিকে, শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার মধ্যে গত দুই দিন ধরে ক্যাম্পাসের বাইরে অবস্থানের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ২৯৮তম সভায় অংশ নিতে তিনি ক্যাম্পাসের বাইরে রয়েছেন।
তবে একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা যায়, গত ১৭ নভেম্বর রাতেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য সচিব মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক নোটিশে সভাটি বাতিল করা হয়েছে। সভা বাতিলের পরও কেন তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন, এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন।
এ ঘটনার পর উপাচার্যের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসে একের পর এক নিরাপত্তা ঝুঁকি তৈরি হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে উপাচার্য ক্যাম্পাস ছেড়ে বাইরে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে প্রধান ফটকে ব্যানার টাঙানোর ঘটনার পর উপস্থিত শিক্ষার্থীরা উপাচার্যকে পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন।