চুয়েটে শিক্ষার্থীদের আবেদনে পরীক্ষা গ্রহণ, বৈধতা নিয়ে আইনে যা আছে

১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) একাডেমিক কার্যক্রম শুরু হলেও স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় আইন ও একাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী, স্থগিত পরীক্ষা পুনরায় গ্রহণের ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। এ ক্ষেত্রে পরীক্ষা শুরুর আগে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

গত ২৮ অক্টোবর থেকে ধাপে ধাপে বিভিন্ন বর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। গত রবিবার (১৫ নভেম্বর) চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ১৬ ও ১৭ নভেম্বর অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

তবে পরীক্ষা কার্যক্রম চলমান থাকলেও এসব পরীক্ষা গ্রহণের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ৪৩ নম্বর ধারায় পরীক্ষা পদ্ধতি নির্ধারণ, পরীক্ষা পরিচালনা এবং পরীক্ষা কমিটি গঠনের বিষয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে।

আইনের ৪৩ ধারায় বলা হয়েছে, ‘(১) এই আইন এবং সংবিধির বিধান সাপেক্ষে, একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠ্যক্রমের পরীক্ষা পদ্ধতি নির্ধারণ করিবে।
(২) ভাইস-চ্যান্সেলরের সাধারণ নিয়ন্ত্রণাধীন পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা পরিচালনার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।
(৩) একাডেমিক কাউন্সিল পরীক্ষা কমিটিসমূহ নিয়োগ করিবে এবং উহাদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্ধারিত হইবে।
(৪) কোন পরীক্ষার ব্যাপারে কোন পরীক্ষক কোন কারণে দায়িত্ব পালনে অসমর্থ হইলে ভাইস-চ্যান্সেলর তাহার স্থলে অন্য একজন পরীক্ষককে নিয়োগ করিবেন।’

এ ছাড়া আইনের ২০ নম্বর ধারার ২(ঞ) উপধারা অনুযায়ী, একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। একই আইনের ২১ নম্বর ধারার ১ উপধারায় একাডেমিক কাউন্সিলের গঠনসংক্রান্ত বিধানে উপাচার্যকে এর চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের বিরোধিতার মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ফলে উপাচার্যের অনুপস্থিতিতে একাডেমিক কাউন্সিলের আওতাভুক্ত বিষয়গুলো কীভাবে নিষ্পত্তি হবে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম জানান, একাডেমিক অর্ডিন্যান্সের বিধান অনুযায়ী, পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট বিভাগের প্রধানেরা পরীক্ষার রুটিন প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগীয় প্রধানেরা নিজ নিজ বিভাগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছেন। এ ক্ষেত্রে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্ব হলো প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা। সে অনুযায়ী দপ্তর থেকে বিভিন্ন বিভাগে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী, স্থগিত পরীক্ষা পুনরায় গ্রহণের ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। চুয়েটের একাডেমিক কাউন্সিলের বর্তমান সদস্যসংখ্যা প্রায় ১৩০ জন, যাদের মধ্যে ১২৪ জন অভ্যন্তরীণ শিক্ষক। বর্তমানে অনুষ্ঠিত পরীক্ষাগুলো শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষকদের সম্মতিতে নেওয়া হচ্ছে। আশা করা যায়, একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষকেরা পরীক্ষা গ্রহণের যৌক্তিকতার পক্ষেই মতামত দেবেন। সে ক্ষেত্রে কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্ত এসব পরীক্ষার আইনগত ভিত্তি প্রদান করবে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ১৮ নভেম্বর ২০২৬
চুয়েটে শিক্ষার্থীদের আবেদনে পরীক্ষা গ্রহণ, বৈধতা নিয়ে আইনে …
  • ১৮ নভেম্বর ২০২৬
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’—টু…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিশ্ব স্কাউট সেন্টারে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, আবেদন ৩ ডিস…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীর উৎসবে সবার ছুটি, নেই নিরাপত্তাকর্মীদের
  • ১৮ নভেম্বর ২০২৬
মাত্র ২৫ দিন অপেক্ষা করলেই ঢাবি-মেডিকেল-বুয়েট ভর্তি পরীক্ষা…
  • ১৮ নভেম্বর ২০২৬