‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’—টুকু

১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ PM
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। © সংগৃহীত

গণতন্ত্র ও দেশের শত্রুরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ দেশের মানুষ আর কখনো ফ্যাসিবাদকে গ্রহণ করবে না।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে। বিগত সময়ে স্বৈরাচারী শাসন এবং জুলাই আন্দোলনে শিশু, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর চালানো হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপসহীন আন্দোলনের মধ্য দিয়ে তা আরও সংহত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে টুকু বলেন, তিনি সব সময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ১৯৫৪ সালে টাঙ্গাইল সদর আসন থেকে ভাসানী নির্বাচন করেছিলেন। একই আসন থেকে তিনিও নির্বাচিত হয়েছেন উল্লেখ করে ভাসানীর প্রতি নিজের বিশেষ শ্রদ্ধা ও আবেগের কথা জানান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় আরও উপস্থিত ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ১৮ নভেম্বর ২০২৬
চুয়েটে শিক্ষার্থীদের আবেদনে পরীক্ষা গ্রহণ, বৈধতা নিয়ে আইনে …
  • ১৮ নভেম্বর ২০২৬
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’—টু…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিশ্ব স্কাউট সেন্টারে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, আবেদন ৩ ডিস…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীর উৎসবে সবার ছুটি, নেই নিরাপত্তাকর্মীদের
  • ১৮ নভেম্বর ২০২৬
মাত্র ২৫ দিন অপেক্ষা করলেই ঢাবি-মেডিকেল-বুয়েট ভর্তি পরীক্ষা…
  • ১৮ নভেম্বর ২০২৬