ছবি-তথ্য ফাঁসের ঘটনায় ইউআইটিএস প্রশাসনের নীরবতা, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ AM
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস। © টিডিসি সম্পাদিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি ও তথ্য ফাঁসের ঘটনায় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার অভিযোগের ২৪ ঘণ্টা পার হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। একই সঙ্গে তারা অভিযোগ করেন, ব্যক্তিগত ছবি ও সংবেদনশীল তথ্য ফাঁসের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশানুরুপ পদক্ষেপ নেওয়া হয়নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের দাবিগুলো পূরণ এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পোর্টাল ও প্রাতিষ্ঠানিক ইমেইল হ্যাক করে অর্ধশতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও ছবি ফাঁস করা হয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, মুঠোফোন নম্বর ও সংবেদনশীল ছবি। এসব তথ্য ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলে শিক্ষার্থীদের হুমকি ও ব্ল্যাকমেইল করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন মিয়াজী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি গুলো মেনে নেওয়া হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

এর আগে গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ‘ইউক্যাম’ পোর্টালের নোটিশ বোর্ডে অন্তত ১২ জন নারী শিক্ষার্থীর সংবেদনশীল ছবি প্রকাশের অভিযোগ ওঠে। পাশাপাশি পোর্টাল থেকে নেওয়া আরও অন্তত ৪০ জনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি, ২০২২ সাল থেকেই বিভিন্ন সময়ে এ ধরনের তথ্য চুরির ঘটনা ঘটছে।

এ ঘটনায় গত ৪ নভেম্বর উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে আট দফা দাবি জানিয়ে লিখিত আবেদন করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাঁদের দাবির মধ্যে ছিল তথ্য ফাঁসের উৎস শনাক্ত করা, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং অনলাইনে ছড়িয়ে পড়া ছবি অপসারণ। আবেদনের সঙ্গে স্ক্রিনশটসহ প্রমাণও জমা দেওয়া হয়।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের কথা বলে ইউক্যাম পোর্টাল সাময়িকভাবে বন্ধ করে সার্ভারের ক্যাশ ফাইল মুছে ফেলা হয়েছে। এতে তথ্য ফাঁসের ঘটনার গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে মানববন্ধনে হামলার ঘটনায়ও ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পরও হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় আন্দোলনকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, ব্যক্তিগত তথ্য ও ছবি ফাঁসের ঘটনায় তাঁরা একদিকে সামাজিক হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন, অন্যদিকে বিচার ও প্রতিকার চেয়ে প্রশাসনের কাছ থেকে কার্যকর সাড়া পাচ্ছেন না। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরালো করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

ছবি-তথ্য ফাঁসের ঘটনায় ইউআইটিএস প্রশাসনের নীরবতা, কঠোর আন্দো…
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি, আবে…
  • ১৮ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের ম্যুরালের কাঠামোয় স্থাপন করা হলো ভাসানীর প্রতিক…
  • ১৮ নভেম্বর ২০২৬
মনোনয়ন ফরম বিক্রি, ফি আদায়—এক বছরেও হয়নি ব্রাকসু নির্বাচন
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষককে পেটালেন ছয় বিষয়ে ফেল শিক্ষার্থীর বাবা
  • ১৮ নভেম্বর ২০২৬
২০ টাকায় চট্টগ্রাম-নাজিরহাট, চালু হলো চারটি কমিউটার ট্রেন
  • ১৮ নভেম্বর ২০২৬