আগুনে পুড়ে গেছে কার্যালয়ের চেয়ার, টেবিলসহ নেতাকর্মীদের ছবি © সংগৃহীত
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ছাড়া জেলার পৃথক দুটি স্থানে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে ঝাউতলায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, নেতাকর্মীদের ছবি, বৈদ্যুতিক পাখা ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লেখা দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। পুলিশ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। একই সঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি করে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। দুর্বৃত্তদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর আগের দিন মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপির নেতা হাদিউজ্জামান হীরুর বাড়িতেও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলে কয়েকজন লোক এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীঘাট এলাকায় গাছ ফেলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।