আগুনে চেয়ারম্যানের অফিস কক্ষের চেয়ার টেবিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে © সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ভিতরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা চেয়ারম্যানের কক্ষে পরিকল্পিত ভাবে দাহ্য পদর্থ দিয়ে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও বিএনপির নেতারা।
ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল উপজেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক। তার ছোট ভাই রফিকুল ইসলাস রাকিব সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। গত সংসদ নির্বাচনের আগে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদেও ভিতর থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে পিছনের ভাঙ্গা জানালা দিয়ে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ দিয়ে আগুন দেয়। সকাল ৬ টার দিকে পরিষদের পরিচ্ছন্নতাকর্মী আয়াত আলী চেয়ারম্যানের কার্যালয় খোলে দেখতে পান ভিতরে আগুন জ্বলছে। স্থানীয়দের সহযোগীতায় তিনি আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে চেয়ারম্যানের অফিস কক্ষের চেয়ার টেবিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা বলেছেন, চেয়ারম্যানের রুমের পিছনের একটি জানালা সামান্য একটু ভাঙা ছিল, সেখান দিয়ে আগুন দেওয়া হয়েছে। আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়েছে। পরিষদ পাহারা দিতে রাতে তিনজন গ্রাম পুলিশ দায়িত্ব ছিল।
ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, পরিকল্পিত ভাবে সরকারী স্থাপনায় দুর্বৃত্তরা দাহ পদার্থ দিয়ে আগুন দিয়েছে। টেবিল চেয়ারসহ কিছু কাগজপত্র পুড়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার খবর শুনার পর ঘটনাস্থলে পরিদর্শণে গিয়েছিলাম। আসবাবপত্রসহ গুরুত্বপূর্ন কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের নির্দেশনা মতো পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।