বরিশালে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবন © সংগৃহীত
বরিশালে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নগরীর বটতলা এলাকার বাসভবনে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ব্যক্তিরা বাসার জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি নিচতলার নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসার কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে বাসার নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন দেওয়া হয়। এ সময় বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যদের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় বরিশাল ছাড়াও পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক। সর্বশেষ গত ১৮ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৫৯ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে নানক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসভবনে আগুন দেওয়ার একটি খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তার জানা নেই।