ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা © সংগৃহীত
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির মালামাল লুট করে নেওয়ার পাশাপাশি ঘরে ও বাড়ির সামনে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সালমা গার্ডেনে এ ঘটনা ঘটে।
বাড়িতে থাকা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, রাতে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী অজ্ঞাত ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। প্রথমে তারা বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। পরে পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষ ও সামনে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে মাঝপথে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে আর ঘটনাস্থলে যেতে হয়নি।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ১২ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে হাজী রহিম উল্লাহকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাকে ফেনী সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ২০২৪ সালে ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
গত ১১ নভেম্বর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ নিজের ও স্ত্রীর নামে ভোগদখলে রাখার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬৭ বছর বয়সী রহিম উল্লাহ ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।