রাজধানীতে বহুতল ভবনে আগুন © প্রতীকী ছবি
রাজধানীর কাঠালবাগে ১০ তলা একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কলাবাগান থানার ধানমন্ডি এলাকার কাঠালবাগে অবস্থিত কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার ১১ মিনিট পর সকাল ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়ভাবে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।