শিক্ষামন্ত্রী
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। © সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামীর বিশ্বে নেতৃত্ব দিতে সক্ষম ও যোগ্য শিক্ষার্থী গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোর। একইসঙ্গে আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে শিক্ষার গুণগত উন্নয়নে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও মেধার বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, তরুণ জনগোষ্ঠী দেশের একটি বিশাল অদৃশ্য সম্পদ। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। এ জন্য সরকার শিক্ষার আধুনিকায়নে কাজ করছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছে। শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও তথ্যপ্রযুক্তির সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, শিক্ষাবিদ এবং শিক্ষা খাতসংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।