সেলাইয়ের দক্ষতাই বদলে দিয়েছে রিয়া মনির সংসার © টিডিসি
একসময় সংসারের অভাব ঘোচাতে কাজ করতে চাইলেও সুযোগ ছিল না। কারও ছিল সেলাইয়ের দক্ষতা, কারও হাতের কাজে পারদর্শিতা। কিন্তু উপার্জনের পথ জানা ছিল না। এখন সেই নারীরাই ঘরে বসে তৈরি করছেন ব্যাগ, নকশিকাঁথা ও হস্তশিল্পের নানা পণ্য। এসব কাজ থেকে পাওয়া অর্থ দিয়ে সংসারে অবদান রাখছেন তারা। বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রা, তৈরি হচ্ছে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন।
বরিশাল নগরীর বান্দ রোডের স্টেডিয়াম কলোনির নারীদের জীবনে এমন পরিবর্তনের সূচনা করেছে পাঁচ শিক্ষার্থীর উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’। বিভিন্ন টেইলার্স ও মিনি গার্মেন্ট থেকে ফেলে দেওয়া কাপড় সংগ্রহ করে সেগুলো দিয়ে তৈরি করা হচ্ছে ব্যবহার উপযোগী ব্যাগ ও হস্তশিল্পের পণ্য। পাশাপাশি স্থানীয় নারীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।
২০২৪ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করা এই উদ্যোগে ইতোমধ্যে প্রশিক্ষণ পেয়েছেন ৩০ জন নারী। তাদের মধ্যে ১৪ জন নিয়মিত কাজ করছেন। নিজেদের ঘরে বসে কাজ করেই আয় করছেন এসব নারী।
সেলাইয়ের দক্ষতাই বদলে দিয়েছে রিয়া মনির সংসার
স্টেডিয়াম কলোনির বাসিন্দা রিয়া মনি আক্তার (২৪)। ছয় সদস্যের পরিবার নিয়ে একসময় অভাব-অনটনে দিন কাটত তার। সেলাইয়ের অভিজ্ঞতা থাকলেও কাজের সুযোগ ছিল না। দুই বছর আগে প্রজেক্ট প্রেরণার মাধ্যমে সেই দক্ষতা কাজে লাগানোর সুযোগ পান তিনি।
এখন ফেলে দেওয়া কাপড় দিয়ে ব্যাগ তৈরি করেন রিয়া। একটি ব্যাগ কাটিং ও সেলাই করে অন্তত ৮০ টাকা মজুরি পান। নিয়মিত কাজ করে মাসে ভালো অঙ্কের অর্থ আয় হচ্ছে তার। এতে সংসারের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
রিয়া মনি আক্তার বলেন, ‘প্রেরণা থেকে ব্যাগ বানানো শিখে এখন কাজ করছি। একটি ব্যাগ কাটিং ও সেলাই করলে অন্তত ৮০ টাকা মজুরি পাই। এখন মাসে একটা ভালো অঙ্কের টাকা আয় হচ্ছে। এতে সংসারে কিছুটা সচ্ছলতা ফিরেছে। তবে আমাদের মেশিন দিয়ে মোটা কাপড় সেলাই করা যায় না। ভালো মেশিন পেলে আরও বেশি কাজ করতে পারতাম, আয়ও বাড়ত।’
মেশিন না থাকলেও থেমে নেই লিপি বেগম
একই কলোনির আরেক বাসিন্দা লিপি বেগম। ব্যাগ তৈরি, হাতের সেলাই ও নকশিকাঁথা তৈরিতে দক্ষতা রয়েছে তার। তবে নিজের সেলাই মেশিন না থাকায় বর্তমানে ব্যাগ তৈরির কাজ করতে পারছেন না। হাতের সেলাই ও নকশিকাঁথা তৈরি করে যে অর্থ পান, তা দিয়ে সংসারে স্বামী-সন্তানের পাশে দাঁড়াচ্ছেন।
লিপি বেগম বলেন, ‘আমি ব্যাগ তৈরি, হাতের সেলাই ও নকশিকাঁথার কাজ করতে পারি। কিন্তু বর্তমানে নিজের মেশিন না থাকায় শুধু হাতের সেলাই ও নকশিকাঁথার কাজ করছি। প্রেরণার ভাইরা আমাদের কাজ দেন। কাজ অনুযায়ী টাকা পাই।’
৩০ নারীকে প্রশিক্ষণ, নিয়মিত কাজ করছেন ১৪ জন
প্রজেক্ট প্রেরণার মাধ্যমে এখন পর্যন্ত ৩০ জন নারীকে সেলাই ও হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নিয়মিত উৎপাদন কার্যক্রমে যুক্ত রয়েছেন। সাতজন ব্যাগ তৈরি করেন, পাঁচজন এমব্রয়ডারি ও নকশিকাঁথার কাজ করেন। বাকি দুজন তৈরি পণ্য পরিষ্কার ও প্যাকেজিংয়ের দায়িত্ব পালন করেন।
ব্যাগ তৈরির কাঁচামাল হিসেবে বিভিন্ন টেইলার্স ও মিনি গার্মেন্ট থেকে সংগ্রহ করা হয় ফেলে দেওয়া কাপড়। পরে সেগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় নান্দনিক ও ব্যবহার উপযোগী ব্যাগ। তৈরি পণ্য অনলাইন মার্কেটের পাশাপাশি ব্র্যাক, বহ্নিশিখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কাছে বিক্রি করা হচ্ছে।
পাঁচ শিক্ষার্থীর উদ্যোগে দুই লাখ টাকার বিক্রি
প্রজেক্ট প্রেরণার পেছনে রয়েছেন পাঁচ শিক্ষার্থী। তারা হলেন সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ মুনতাহির, অর্থনীতি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, ঢাকা আর্ট কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিথি আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম এবং বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী নন্দিনী তিথি।
উদ্যোগটির সংগঠক আবির মাহমুদ মুনতাহির বলেন, ‘এখানে যারা কাজ করেন, তারা আমাদের কর্মী নন। বরং আমাদের পার্টনার। এখন পর্যন্ত ৩০ জন নারীকে প্রশিক্ষণ দিয়েছি। তাদের মধ্যে ১৪ জন আমাদের সঙ্গে কাজ করছেন।’
তিনি জানান, যাত্রার প্রথম বছরে প্রায় ১২৭টি ব্যাগ তৈরি করে প্রায় ৩০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছিল। ২০২৬ সালে প্রায় ১ হাজার ২০০ ব্যাগ বিক্রি করে আয় হয়েছে প্রায় দুই লাখ টাকা। পাশাপাশি নকশিকাঁথা বিক্রি থেকেও অর্থ আসছে। সব ব্যয় বাদ দিয়ে বিক্রির অর্থের প্রায় ৩০ শতাংশ লাভ থাকে।
অন্য উদ্যোক্তা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সিয়াম বলেন, ‘আমরা দেখেছি, কলোনির অনেক নারীর কাজ করার আগ্রহ আছে, কিন্তু সুযোগ নেই। প্রথমে ১০ জন নারীকে প্রশিক্ষণ দিয়েছিলাম। তখনো কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। নারীদের ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দিয়েছি।’
চাহিদা বাড়লেও সংকট উন্নত সেলাই মেশিনের
উদ্যোক্তাদের তথ্যমতে, তাদের তৈরি এক রঙের সাধারণ ব্যাগ পাইকারি বিক্রি হয় ১২০ টাকায়। হাতে কাজ করা ব্যাগের দাম ৩০০ থেকে ৮০০ টাকা। গ্রাহকের পছন্দ অনুযায়ী হাতে আঁকা ব্যাগ বিক্রি হয় ৫০০ থেকে ১ হাজার টাকায়। আর প্রতিটি নকশিকাঁথা পাইকারি বিক্রি হয় ৪ হাজার টাকায়।
তবে উদ্যোগটির সামনে এখন বড় চ্যালেঞ্জ প্রয়োজনীয় সরঞ্জামের অভাব। বিশেষ করে উন্নত সেলাই মেশিন না থাকায় মোটা কাপড় দিয়ে সব ধরনের ব্যাগ তৈরি করা যাচ্ছে না। চাহিদা থাকা সত্ত্বেও কিছু অর্ডার ফিরিয়ে দিতে হচ্ছে উদ্যোক্তাদের।
তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় মেশিন ও সরঞ্জামের ব্যবস্থা হলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আরও বেশি নারীকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।
ফেলে দেওয়া কাপড়কে নতুন পণ্যে রূপান্তরের মধ্য দিয়ে প্রজেক্ট প্রেরণা শুধু একটি উদ্যোগ নয়, বরং স্টেডিয়াম কলোনির নারীদের জন্য হয়ে উঠেছে উপার্জনের নতুন পথ। পাঁচ শিক্ষার্থীর হাত ধরে শুরু হওয়া এই প্রচেষ্টা এখন অনেক নারীর কাছে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে।