দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিকায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে নয়টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি দেশে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া সারাদেশে আর কোনো জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় থাকবে না জানিয়ে এ লক্ষ্যে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ জন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি দেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকেও ঢেলে সাজানো হবে।’

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত রয়েছেন। তাঁরা বিদেশে যাওয়ার আগে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিলে আরও বেশি আয় করতে পারবেন। এ জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তৃতীয় ভাষা শেখার কোনো বিকল্প নেই। এ কারণে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সারাদেশে আর কোনো জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ লক্ষ্যে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উল্লাহ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া।

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
পাঁচ দফা দাবি আদায়ে মাঠে নামছে এনসিপি
  • ২১ নভেম্বর ২০২৬
খুনি আখ্যা ‍দিয়ে মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের বক্তব্যের ন…
  • ২০ নভেম্বর ২০২৬
সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage