জনি দে © সংগৃহীত
কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড়-বাইশারি সড়কের হিমছড়ি ঢালায় সড়কে দুর্বৃত্তদের গুলিতে বাবার সামনেই এক শিক্ষার্থী খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জনি দে (১৮)। তিনি রামু উপজেলার ঈদগড় রাজঘাট এলাকার তপন ছেলে। ঈদগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম জানান, সকাল আটটার দিকে জনি ও তার বাবা ঈদগড় থেকে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতের গুলিতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়।
সিএনজিটি ঈদগড়ের হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছলে হঠাৎ সাত-আটজনের মুখোশধারী একদল ডাকাত তাদের গতি রোধ করে। পরে জনিকে গুলি করে হত্যা করে।
জনিদের সিএনজির আগে আরও তিনটি সিএনজি ছিল। অথচ তাদের ওপর কোনও ধরনের হামলা করা হয়নি। এ থেকে ধারণা করা হচ্ছে এটি ডাকাতির ঘটনা নাও হতে পারে। তবে পরিকল্পিত ঘটনা কিনা সেটা তদন্তের পরে বলা যাবে। তবে এলাকাটিতে প্রায়ই ডাকাতি হয়। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জনির বাবা তপন দে জানান, তার ছেলে চট্টগ্রামের আঞ্চলিক গানের কণ্ঠ শিল্পী। সে ঈদগাঁ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঈদগা থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে মারা গেছে তার ছেলে।
প্রসঙ্গত, ডাকাতি, অপহরণ, ছিনতাইয়ের মতো ঘটনায় যাত্রী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে বারবার প্রাণ হারালেও জায়গাটি দুর্গম। যে কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেগ পেতে হয় প্রশাসনকে এমনই মনে করেন স্থানীয়রা।