ক্যারম খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষে শহিদ শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় হামলায় আহত হয়েছেন তার ছোট ভাই সাহিদ শেখ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ শেখ (৩৫) ওই উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ফজলুল শেখের ছেলে। আর আহত হয়েছেন তার ছোট ভাই সাহিদ শেখ (৩২)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চিতলমারী থানার ওসি শরিফুল হক জানান, রোববার ক্যারম খেলা নিয়ে স্থানীয় লুৎফর শেখের সঙ্গে শহিদ শেখের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফরের লোকেরা শহিদের ক্যারমবোর্ড ভেঙে ফেলে। এতে উত্তেজনা শুরু হয়।
তিনি বলেন, এর জেরে দুপুরে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর শহিদ ও সাহিদ গুরুতর আহত হন। তাদের চিতলমারী হাসপাতালে নেয়ার পথে শহিদ মারা যান। সাইদ শেখকে আশঙ্কাজনক অবস্থায় চিতলমারী থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।