বাংলাদেশি ক্যানসার রোগীর টাকা ছিনতাইকারী ভারতীয় পুলিশ গ্রেফতার

২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৩২ PM

© আনন্দবাজার

এক বাংলাদেশি ভারতে গিয়েছিলেন ক্যানসারের চিকিৎসা করাতে। কিন্তু সেখানে গিয়েই পড়লেন বিপদে। মানুষকে নিরাপত্তা দেওয়া যার দায়িত্ব, সেই পুলিশই ছিনতাই করে নিলেন চিকিৎসার টাকা। অবশ্য শেষপর্যন্ত তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

ভুক্তভোগী ওই বাংলাদেশির নাম মোশারফ হোসেন (৪৮)। গাইবান্ধার বাসিন্দা তিনি। মুম্বাইয়ে গিয়েছিলেন কোলন ক্যানসারের চিকিৎসা করাতে। ২০ নভেম্বর রাতে তিনি কলকাতায় ফিরে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে উঠেছিলেন। পরের দিন অর্থাৎ ২১ নভেম্বর ভোরবেলায় তার শিয়ালদহ স্টেশন থেকে গেদে যাওয়ার ট্রেন ধরার কথা ছিল। কিন্তু গত ২১ নভেম্বর ভোররাতে মৌলালি মোড়ে তার টাকা ছিনতাই করেন পুলিশ কর্মী বিশ্বনাথ বিশ্বাস।

বিশ্বনাথ তালতলা থানায় কর্মরত আছেন। তিনি কলকাতা পুলিশের গাড়ির চালক। উত্তর ২৪ পরগনার গোপাল নগরের বাসিন্দা তিনি। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৬ ধারায় ভয় দেখিয়ে টাকা আদায়ের মামলা করেছে পুলিশ।

ঘটনার পর কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা এবং যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মাকে ইমেল করে অভিযোগ জানান বাংলাদেশি মোশারফ হোসেন।

পুলিশ কর্মকর্তা জানান, ওই দিন আত্মীয় গোলাম সাকলাইনকে নিয়ে ট্যাক্সিতে শিয়ালদহ যাচ্ছিলেন মোশারফ। মৌলালি মোড়ের কাছে পুলিশের পোশাকে থাকা এক ব্যক্তি তাদের ট্যাক্সি দাঁড় করান। এরপর পরিচয় জানতে চান।

মোশারফ অভিযোগ করেন, বাংলাদেশি নাগরিক শুনেই ওই পুলিশ কর্মী তাদের পাসপোর্ট এবং সঙ্গে থাকা ২৭ হাজার বাংলাদেশি টাকা কেড়ে নেন। সেই সঙ্গে মোশারফ এবং তার সঙ্গীকে মিথ্যে মামলায় গ্রেফতারের ভয় দেখান। এমনকি প্রাণে মারার হুমকি দেন।

মোশারফ বলেন, ‘অনেক অনুনয় বিনয় করার পর ওই পুলিশ সাত হাজার টাকা ফেরত দেন। বাকি ২০ হাজার টাকা নিয়ে নেন।’ ওই দিন ভয়ে কোনও অভিযোগ দায়ের করেননি মোশারফ। পরে ডিসেম্বর মাসের ১৬ তারিখ ইমেলে অভিযোগ জানান।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ওই ঘটনার তদন্ত শুরু করে। মৌলালিতে ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। সেখান থেকেই চিহ্নিত করা হয় পুলিশ কর্মী বিশ্বনাথকে। [সূত্র: আনন্দবাজার]

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬