সাতক্ষীরা

ব্যবসায়ীকে ‘ফিল্মি স্টাইলে’ কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুবৃত্তরা

০৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ PM
আহত ব্যবসায়ী মো. মোকলেছুর রহমান

আহত ব্যবসায়ী মো. মোকলেছুর রহমান © টিডিসি ফটো

সাতক্ষীরার কালিগঞ্জে দিনে-দুপুরে ফিল্মি কায়দায় এক মোবাইল ব্যাংকিং এজেন্টের গতিরোধ করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ওই এজেন্টকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. মোকলেছুর রহমান (৩৫) উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিকাশ ও নগদ এজেন্টের ব্যাবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোকলেছুর রহমান মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র ছিনতাইকারী তার পথরোধ করে। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

একসময় মোকলেছুর রহমান অচেতন হয়ে পড়লে ছিনতাইকারীরা ১০ লাখ টাকা নিয়ে দ্রুত চম্পট দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ‘ঘটনাটি শোনার পর পরই পুলিশের টিম কাজ শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’ 

এদিকে, ব্যস্ততম এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাক…
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্রাজিলের পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গেও খেলবে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬
১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী …
  • ২৮ আগস্ট ২০২৬
অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬