ভাড়া বাসার মেঝেতে পড়ে ছিল রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ

১৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ PM
নিহত দোভাষী আনোয়ার আহমেদ

নিহত দোভাষী আনোয়ার আহমেদ © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাশলাইস থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। প্রায় এক বছর ধরে তিনি ঈশ্বরদীর দিয়ার সাহাপুরে স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথ এ দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসহ ১০ দিনের ছুটিতে নিজ বাড়ি চট্টগ্রাম যান। শনিবার বেলা তিনটার দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি একাই ঈশ্বরদীতে ভাড়া বাসায় ফেরেন।

রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোনে স্বামীর খোঁজ নিতে বলেন। পরে সাবিনা ইয়াসমিন আনোয়ার আহমেদের ঘরে গিয়ে দেখতে পান—ঘরের ভেতরে মেঝে মোছার কাপড় হাতে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্তাধীন। এ মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
মৃত আনোয়ার আহমেদ

চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬
ফেরার আশা না করে আল্লাহর কাছে তওবা করুন
  • ২২ নভেম্বর ২০২৬
ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬
২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণির লটারিতে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান চয়েজ দেওয়া যাবে…
  • ২২ নভেম্বর ২০২৬