ডাকসু জিএস ফরহাদ
ডাকসু জিএস এস এম ফরহাদ © সংগৃহীত
ফেরার না আশা না করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আল্লাহর কাছে তওবা করতে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক ও ছাত্রশিবির নেতা এস এম ফরহাদ। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেছেন, যত উৎপাত করবেন, আমাদের তরুণ, জেন-জি ও জেন-আলফা আরও শক্তি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে। সাদিক কায়েমের পরিবারের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার অভিযোগ এবং সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল থেকে তিনি এ আহ্বান জানান।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ডাকসু প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মশাল মিছিলটি সূর্যসেন হল, রেজিস্ট্রার ভবন ও ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। ডাকসুর উদ্যোগে আয়োজিত এ মিছিলটি সাদিক কায়েমের পরিবারের ওপর হামলা, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ এবং সরকারের ধারাবাহিক ব্যর্থতার প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগ যুগে যুগে এমন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের পরিচয় দিয়েছে। জুলাইয়ের পর আমরা আবারও থানা লুট, থানায় আগুন, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ ও নড়াইলে হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখছি। এগুলো আওয়ামী লীগের নতুন বৈশিষ্ট্য নয়। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনের সময়ও নৌকায় ভোট না দেওয়ায় আওয়ামী লীগ ৪০০ নাগরিককে হত্যা করেছিল। আওয়ামী লীগের ঐতিহাসিক বৈশিষ্ট্য হচ্ছে খুন ও গণহত্যা। গত ১৫ বছরে আমরা শাপলা গণহত্যা দেখেছি, যার বিচার এখনো হয়নি; বিডিআর গণহত্যার বিচারও হয়নি। জুলাই গণহত্যায় যারা গ্রেপ্তার, তাদের ফাঁসির রায় হচ্ছে না; অথচ যারা ওপারে, তাদের ফাঁসির রায় হচ্ছে। আমরা এই একই ধারাবাহিকতা লক্ষ্য করছি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর সবার আগে জুলাই সনদ ও গণভোটকে অস্বীকার করেছে। জুলাই সনদে যেসব সুপারিশ করা হয়েছে, সরকার তার বিপরীত আচরণ শুরু করেছে। পিএসসি গঠনের বিষয়ে সনদে সুপারিশ থাকা সত্ত্বেও সরকার পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে চাকরিচ্যুত করেছে, ৫০তম বিসিএসের ফল আটকে দিয়েছে, সময়মতো প্রকাশ করেনি। নির্বাচন কমিশন, সংবিধান, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং মানবাধিকারসহ বিভিন্ন জায়গায় আপনারা আগের আওয়ামী ফ্যাসিবাদী আচরণ ফিরিয়ে আনছেন। ক্ষমতায় আসার পর দেশের শতাধিক জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা গিয়ে বলছেন, ‘আমরা মামু-ভাই, আওয়ামী লীগের অফিস খোলা থাকবে।’ আর এখন আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণ করছে, আগুন ধরাচ্ছে, বিভিন্ন দলের নেতাকর্মীদের হত্যা করছে।
তিনি আরও বলেন, গতকাল সাদিক কায়েমের বাড়িতে তার বাবা-মা ও বোনকে হত্যার উদ্দেশ্যে বাড়ির চারপাশে পেট্রোল ঢেলে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। যে গেট দিয়ে সাধারণত বের হওয়ার কথা, সেই গেটেও আলাদাভাবে আগুন দেওয়া হয়েছিল, যাতে কেউ বের হতে না পারে। অথচ হামলার দুই দিন আগে সাদিক কায়েম স্থানীয় এসপি ও ওসিকে ফোন করে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি এবং বাড়িতে আগুন দেওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন। পুলিশকে জানানোর পরও কেন তার বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা হলো না? আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনারা যতই বক্তব্য দেন, তরুণরা জানে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এবং জনগণের প্রত্যাশা পূরণ না করলে গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে।
ফরহাদ বলেন, আমরা আওয়ামী লীগের উদ্দেশে বলতে চাই, আওয়ামী লীগ এ দেশে আর ফিরতে পারবে না। এই বঙ্গ জনপদের ইতিহাস হচ্ছে, যাকে একবার তাড়ানো হয়, সে আর ফিরে আসতে পারে না। সুতরাং ফিরে আসার আশা না করে আপনারা যে পাপ করেছেন, তার জন্য আল্লাহর কাছে তওবা করুন। যত উৎপাত করবেন, আমাদের তরুণ, জেন-জি ও জেন-আলফা আরও শক্তি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে।
তিনি বলেন, নাগরিক, শিক্ষার্থী, ক্যাম্পাস, থানা ও মানুষের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার যদি এই দায়িত্ব পালন না করে, তাহলে বিএনপি সরকারকেও অল্প সময়ের মধ্যে চরম পরিণতি ভোগ করতে হতে পারে। তারেক রহমানকে বলব, ‘এনাফ ইজ এনাফ’ বক্তব্য না দিয়ে কাজে প্রমাণ করুন, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা রাখছেন এবং নাগরিকদের নিরাপত্তা দিতে পারছেন। তা না পারলে জনগণের কাছে ক্ষমা চেয়ে দায়িত্ব থেকে সরে যান।
তিনি বলেন, আমরা নড়াইল ও গোপালগঞ্জের হত্যাকাণ্ড এবং মুসাদ্দেক, সাদিক কায়েমসহ বিভিন্ন নেতার বাড়িতে হামলার ঘটনায় দ্রুত বিচার দাবি করছি। জুলাই গণহত্যা ও জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো নাগরিকের আত্মত্যাগের বিনিময়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে।