প্রো-ভিসি

গবেষণায় ঢাবিকে বিশেষ বরাদ্দ দিন, বিশ্ব পর্যায়ে প্রতিদান দেওয়ার চেষ্টা করব

২২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ PM
প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম

প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম © টিডিসি ফটো

গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) বিশেষ বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষক-শিক্ষার্থী ও গবেষণার উপযুক্ত পরিবেশ থাকলেও অর্থায়নের সীমাবদ্ধতায় গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গবেষণায় সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ও বিশ্ব পর্যায়ে অবদান রাখার মাধ্যমে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবে।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আবদুস সালাম বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থী, মেধাবী শিক্ষক ও গবেষণার উপযুক্ত পরিবেশ আছে। কিন্তু আর্থিক পরিস্থিতি ভালো নয়। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের তহবিলও পর্যাপ্ত নয়। আমরা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। এ জন্য গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া উচিত। পৃথিবীর অনেক দেশে বিশেষ কিছু বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব ও সহযোগিতা পায়। আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ও সেই ধরনের সহযোগিতা পাক। গবেষণায় বিনিয়োগ করা হলে আমরা তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই হাজার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর পেছনে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। অথচ বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য শত শত পরীক্ষায় হাজার হাজার ডলার ব্যয় করা হয়। আমাদের অনেক ক্ষেত্রে পাঁচ হাজার ডলারও ব্যয় করার সুযোগ থাকে না। এ জন্য সরকার ও শিল্পপ্রতিষ্ঠানগুলো যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে সহযোগিতা করলে বিশ্ববিদ্যালয়ও সেই সহযোগিতার প্রতিদান দেওয়ার চেষ্টা করবে।

শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যা পড়ানো হয়, পাস করার পর কর্মক্ষেত্রে গিয়ে তাদের যে কাজ করতে হয়, তার মধ্যে যেন কোনো ব্যবধান না থাকে। এ জন্য শিক্ষাক্রম উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও বাস্তব কাজের মধ্যে থাকা ব্যবধান দূর হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা অনেক সময় প্রকাশনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা চাই, এসব গবেষণা দেশের কাজে, মানবতার কাজে এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখুক। এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা ও উদ্ভাবনে কাজ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবশক্তি ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি এসব উদ্যোগের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।

শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে অধ্যাপক আবদুস সালাম বলেন, আমরা চাই, আজকের আয়োজন শুধু একটি সভার মধ্যে সীমাবদ্ধ না থাকুক। শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত থাকুক। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ শুনে এই উদ্যোগকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

এ ছাড়া দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান সেমিনারে অংশগ্রহণ করেন।

পুনঃনিরীক্ষণের ফল পাওয়া শিক্ষার্থীদের ঢাবিতে আবেদন কবে থেকে?
  • ২২ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ২
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাণী থেকে মানুষ: অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের অদৃ…
  • ২২ নভেম্বর ২০২৬
জানুয়ারি থেকে নভেম্বর ভরিতে সোনার দাম কমল কত?
  • ২২ নভেম্বর ২০২৬
গবেষণায় ঢাবিকে বিশেষ বরাদ্দ দিন, বিশ্ব পর্যায়ে প্রতিদান দেও…
  • ২২ নভেম্বর ২০২৬
বেনাপোল বন্দরে নিষিদ্ধ সংগঠন ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদের…
  • ২২ নভেম্বর ২০২৬