আবদার পূরণে কিনে দেওয়া মোটরসাইকেলেই প্রাণ গেল সন্তানের © সংগৃহীত
সন্তানের আবদার পূরণে তিন দিন আগে নতুন মোটরসাইকেল কিনে দিয়েছেন বাবা। সেই মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেছে সন্তানের। রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া গ্রামের আব্দুর রবের ছেলে সোহাগ মিয়া ও লাল মিয়ার ছেলে রাজন শেখ। তারা দুজনই আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল কিনে না দেয়ায় গত শুক্রবার নিজের বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাজন। ঘরের দরজা ভেঙে রাজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর গত রোববার তাকে মোটরসাইকেল কিনে দেয় পরিবার।
এরপর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তার বন্ধু সোহাগকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয় রাজন। আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায় এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে আটক স্বামী
রাজনের বন্ধু আজিজুল বলেন, রাজন নিয়মিত স্কুলে আসতো না। গত পরশু ফোন দিয়ে জানায় সে মোটরসাইকেল কিনেছে। দুজনে ঘুরবো একদিন। আমি তাকে বললাম সাবধানে চালাস মোটরসাইকেল। এরপর আমাদের আর দেখা হয়নি। আজ এসে লাশ দেখছি।
আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জনান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। পরে রাজবাড়ী সদর থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।