মারুফা আক্তার © সংগৃহীত
ডান পায়ের গোড়ালির চোট দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে পেসার মারুফা আক্তারকে। সামান্য চাপ পড়লেই বেড়ে যাচ্ছে ব্যথা, যা পায়ের পাতার নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে খেলা চালিয়ে গেলে চোট আরও গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আপাতত মাঠের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন এই পেসার।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, মারুফার পায়ে কাস্ট ব্যান্ডেজ করা হয়েছে। আগামী চার সপ্তাহ এই ব্যান্ডেজ রাখতে হবে তাকে। চিকিৎসকদের ছাড়পত্র পেলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার। ফলে মারুফাকে ছাড়াই আসন্ন নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা সাজাচ্ছে বিসিবির নারী বিভাগ।
নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মারুফার অনুপস্থিতিতে তার বিকল্প হিসেবে নতুন পেসার খুঁজছেন নির্বাচকরা। শুধু নিউজিল্যান্ড সফরই নয়, আগামী ১২ থেকে ২৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ১০ দলের নারী ইমার্জিং নেশনস ট্রফিতেও খেলা হচ্ছে না এই পেসারের।
টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান 'বি' গ্রুপে। আসরের উদ্বোধনী দিনেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নাহিদা আক্তারের দল। গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। অন্যদিকে 'এ' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে হবে।