মারুফা আক্তার ও সোবহানা মোস্তারি © সংগৃহীত
নারী আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পেসার মারুফা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারির উন্নতি হয়েছে। অন্যদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ও বোলার নাহিদা আক্তারের অবনতি হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুবাইয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ম্যাচে বল হাতে ৩ ওভারে ৬ রানে ২ উইকেট নেন মারুফা। এতে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৫৪২ রেটিং নিয়ে ৩৭তম স্থানে আছেন এই ডানহাতি পেসার।
বাংলাদেশ বোলারদের মধ্যে দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তারের অবনতি হয়েছে। রাবেয়া তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে এবং দুই ধাপ পিছিয়ে ২৮তম স্থানে আছেন নাহিদা। রাবেয়া ইন্দোনেশিয়ার বিপক্ষে উইকেট না পেলেও ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদা।
ব্যাটার তালিকায় অধিনায়ক জ্যোতির অবনতি হয়েছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ১০ রানে আউট হন তিনি। দুই ধাপ পিছিয়ে ৬০৯ রেটিং নিয়ে ২২তম স্থানে আছেন জ্যোতি।
একধাপ উন্নতি হয়েছে সোবহানার। ৫ শ' রেটিং নিয়ে ৩৯তম স্থানে উঠেছেন তিনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে ৩১ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে ১২৯ রানের পুঁজি এনে দিয়েছিলেন স্বর্ণা আক্তার। এক ধাপ এগিয়ে ৪৪২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে আছেন তিনি।
ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলারদের তালিকায় ভারতের শ্রী চারানি এবং অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষে আছেন।