বিশ্বকাপের সূচি প্রকাশ: চট্টগ্রামে ফাইনাল, উদ্বোধনী ম্যাচ সিলেটে

২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ PM
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা © সংগৃহীত

বাংলাদেশ ও নেপালের মাটিতে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৭। শিরোপার এই লড়াইয়ে ১৬টি দল অংশ নেবে। ২০২৩ সালে প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টের তৃতীয় আসরে দুই দেশের ৪টি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম (বিএসএসএফএলএমআরসিএস) ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (এসআইসিএস) এবং নেপালের কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

চারটি গ্রুপের দলগুলো হলো:

গ্রুপ ‘এ’: ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।

গ্রুপ ‘বি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া।

গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

গ্রুপ ‘ডি’: ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র (ইউএসএ) ও স্কটল্যান্ড।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চারটি ম্যাচে মাঠে নামবে ৮টি দল। এর মধ্যে সহ-আয়োজক বাংলাদেশ মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। অন্যদিকে, পরদিন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেপাল। বর্তমান চ্যাম্পিয়ন ভারত নিজেদের প্রথম ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত মনে করেন, নারী ক্রিকেটে প্রতিভার ক্রমবর্ধমান গভীরতা তুলে ধরার সুযোগ করে দেবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তিনি বলেন, ‘আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের নিজ বয়সভিত্তিক পর্যায়ে সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার এবং বৈশ্বিক মঞ্চে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়। বাংলাদেশ ও নেপালে ১৬টি দলকে একত্র করার মাধ্যমে এই টুর্নামেন্ট নারী ক্রিকেটে প্রতিভার ক্রমবর্ধমান গভীরতা তুলে ধরবে। পাশাপাশি প্রতিষ্ঠিত ও উদীয়মান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের বিকশিত করার সুযোগ তৈরি করবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আয়োজন বিশ্বব্যাপী ক্রিকেটকে আরও শক্তিশালী করা এবং নতুন দর্শকদের কাছে খেলাটির বিস্তার বাড়ানোর গুরুত্বপূর্ণ অংশ। একটি সফল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে স্বাগতিক দেশগুলোর সঙ্গে কাজ করতে আমরা উন্মুখ। পাশাপাশি প্রস্তুতির জন্য ১৬টি দলকেই শুভকামনা জানাই।’

গ্রুপ পর্বের ম্যাচগুলো ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর যোগ্যতা অর্জনকারী দলগুলো সুপার সিক্স পর্বে খেলবে। সেখানে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। সুপার সিক্সের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

আগামী ৪ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এ পর্বের জন্য ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্য ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকনোটে কলমের আঁচড়ে বাংলাদেশকে বুনছেন ঢাবির মুহাম্মাদ সাদ
  • ২১ অক্টোবর ২০২৬
রানার গ্রুপে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাসকিনের, শীর্ষ দশের কাছে শরিফুলও
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে ভেসে যাওয়া স্ত্রীর খোঁজে ১৪ বছর ধরে ডুব দিয়ে যাচ্ছেন …
  • ২১ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৪ জরুরি নির্দেশনা
  • ২১ অক্টোবর ২০২৬