বিপিএল ইস্যুতে তামিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা © সংগৃহীত
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ দুই আসরের আর্থিক লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার আর ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন করতে চায় না বোর্ড। মূলত বিপিএলকে নতুনভাবে সাজিয়ে সবকিছু গুছিয়েই মাঠে ফেরানোর পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
তবে বোর্ডের এমন সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন দেশের ক্রিকেটাররা। বিশেষ করে জাতীয় দলের বাইরে থাকা এবং নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। কারণ, তাদের আয়ের বড় একটি অংশ নির্ভর করে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ওপর।
এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের দাবি-দাওয়া ও ঘরোয়া ক্রিকেটের সার্বিক বিষয় নিয়ে আগামী রবিবার (৩০ আগস্ট) সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা। সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি নিয়মিত ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেবেন।
এ ছাড়া বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের আগে নিজেদের মধ্যেও আলাদা বৈঠক করবেন ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
তিনি বলেন, ‘আমরা কালকে বিসিবি সভাপতির সঙ্গে বসব, তার আগে নিজেরা আলাদা করে বসব। ক্রিকেটাররা তাদের চাওয়া-পাওয়ার বিষয়ে জানাবে। শুধু বিপিএল না, দেশের সব ঘরোয়া লিগ নিয়েই আমরা কথা বলব। সবশেষ ডিপিএলেও ভালোভাবে পারিশ্রমিক পায়নি ক্রিকেটাররা। সব মিলিয়ে ক্রিকেটাররা তাদের নিজেদের কথা বলবে।’
এর আগে, তামিম ইকবালও আভাস দিয়েছিলেন, চলতি বছর বিপিএল মাঠে না-ও গড়াতে পারে। টুর্নামেন্টটি নতুন করে ঢেলে সাজিয়ে এরপর আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। এ অবস্থায় বিপিএল আয়োজন না হলেও ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানিয়েছে কোয়াব।