বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার আহ্বান

২৮ আগস্ট ২০২৬, ০২:১৯ AM
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার আহ্বান

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার আহ্বান © সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ পরিকল্পনায় ওয়ালটনকে একটি দল হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ প্রত্যাশার কথা জানান তিনি। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ সময় ওয়ালটন কার্যালয়ে যায়।

প্রতিনিধিদলে ছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহা, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং একই বিভাগের ভাইস চেয়ারম্যান আসিফ রাব্বানি। পরে তারা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শন শেষে তামিম ইকবাল বলেন, ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেশের ক্রিকেটের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। খেলোয়াড়ি জীবনে তিনি ক্রিকেটের বিভিন্ন আয়োজনে ওয়ালটনকে নিয়মিত পৃষ্ঠপোষকতা করতে দেখেছেন বলেও উল্লেখ করেন।

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা বিসিএল ও এনসিএলের মতো টুর্নামেন্টগুলো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করতে উদ্যোগ নিয়েছি। আমাদের প্রত্যাশা, ওয়ালটন সেখানে একটি টিম হিসেবে নিজেদের উপস্থিত করবে।’

তার মতে, বিসিএল ও এনসিএলের লংগার ভার্সন, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটকে বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কাঠামোয় নিয়ে আসা গেলে দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে ওয়ালটনের মতো প্রতিষ্ঠানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি মনে করেন।

ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতকে বিশ্ববাজারে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি ওয়ালটনকে একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি বিসিবি সভাপতিকে সহযোগিতার আশ্বাস দেন।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ‘যেখানেই খেলাধুলা, সেখানেই উপস্থিত রয়েছে ওয়ালটন।’ গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করে আসছে বলেও জানান তিনি।

বিসিএল ও এনসিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করার বিসিবির উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহবুবুল আলম বলেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। বিসিবি সভাপতির পরিকল্পনা বাস্তবায়নে ওয়ালটনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগের টানা ১৩টি আসরে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। এছাড়া প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লিগে টানা নয় বছর সেন্ট্রাল জোন দলের ফ্র্যাঞ্চাইজি হিসেবেও যুক্ত ছিল প্রতিষ্ঠানটি।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬