বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের অধীনে সরকারি ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রক্সি পরীক্ষার্থী এবং ২৩ জন ইলেকট্রনিক ডিভাইসসহ ধরা পড়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর চারটি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় তাদের বহিষ্কার করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) তত্ত্বাবধানে দুই ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের এ পরীক্ষা নেওয়া হয়। ৯০৩টি শূন্য পদে (জব আইডি: ২৬১০১) নিয়োগের লক্ষ্যে আয়োজিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য ছিলেন ৮ হাজার ৯৫৭ জন চাকরিপ্রার্থী।
চারটি কেন্দ্রের মধ্যে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ইলেকট্রনিক ডিভাইসসহ ৮ জনকে ধরা হয়। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে একজন প্রক্সি পরীক্ষার্থীসহ ৭ জন, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৪ জন ডিভাইসসহ ধরা পড়েন। পরে তাদের বহিষ্কার করা হয়।
এর আগে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে প্রায় দেড় লাখ আবেদন জমা পড়ে। সেখান থেকে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
পরীক্ষার জন্য লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৭০০ জনের আসন ছিল। এ ছাড়া শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০ জন, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০ জন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৯৫৭ জনের আসন নির্ধারিত ছিল।