বিপিএল নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিসিবি

২৮ জুলাই ২০২৬, ১২:৫৫ PM
বিপিএল ও বিসিবি লোগো

বিপিএল ও বিসিবি লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বড় ধরনের সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক অনিয়ম, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, স্পট ফিক্সিংয়ের অভিযোগ এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে সমালোচনায় থাকা টুর্নামেন্টটি বর্তমান কাঠামোয় আর আয়োজন করতে আগ্রহী নয় বোর্ডের একটি বড় অংশ।

এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির বেশির ভাগ পরিচালক মনে করছেন, বর্তমান অবস্থায় বিপিএল দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে না; বরং বারবার বিতর্কে জড়িয়ে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত পরবর্তী আসর স্থগিত রাখার পক্ষেই মত দিচ্ছেন অনেকে।

২০১২ সালে যাত্রা শুরুর পর প্রথম কয়েকটি আসর সফল হলেও, পরবর্তী সময়ে প্রায় প্রতি মৌসুমেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ, দেশি-বিদেশি ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির টানাপোড়েন এবং অপেশাদার ব্যবস্থাপনা বিপিএলকে বিতর্কিত করেছে। ২০২৪ সালের আসরের স্পট ফিক্সিং তদন্ত কমিটিও পরবর্তী আসরের আগে কাঠামোগত সংস্কারের সুপারিশ করেছিল, তবে সেগুলোর অনেকটাই বাস্তবায়ন হয়নি।

সবমিলিয়ে বর্তমানে বিসিবির সামনে দুটি বিকল্প রয়েছে। প্রথমটি হলো, চলতি বছর বিপিএল আয়োজন না করে সময় নিয়ে পেশাদার ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নতুনভাবে টুর্নামেন্ট শুরু করা। এ সময় ক্রিকেটারদের ব্যস্ত রাখতে এনসিএল টি-টোয়েন্টি বা অন্য কোনো ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, বোর্ডের একটি অংশ মনে করছে, ‘বিপিএল’ নামটির সঙ্গে অতিরিক্ত নেতিবাচক ভাবমূর্তি জড়িয়ে গেছে। তাই নতুন নামে ও নতুন কাঠামোয় একটি ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করাই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। সে ক্ষেত্রে চলতি বছর বিপিএল নাও হতে পারে এবং নতুন টুর্নামেন্ট আয়োজনের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় নেওয়া হবে।

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেছেন, “বিপিএলে এমনও হয়, এক-দুটি দলের প্রায় পুরো প্লেয়ার্স পেমেন্ট বিসিবিকে করতে হয়। ফ্র্যাঞ্চাইজি মালিকেরা ইচ্ছেমতো দামে খেলোয়াড়দের ডেকে নেয়। ৫ লাখ টাকার খেলোয়াড়কে ৫০ লাখ টাকায় ডেকে পরে টাকা দেয় না। এসব দায় ক্রিকেট বোর্ডের কাঁধে ফেলে চলে যায়। আবার টিভি স্বত্ব বিক্রি করে যে টাকা আসে, তার প্রায় পুরোটাই চলে যায় প্রোডাকশন কস্টে। এই বিপিএল করে লাভ কী?”

তবে এখনও টুর্নামেন্ট আয়োজনে আশাবাদী বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা। তার ভাষ্যমতে, “আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে। না পারলে তখন হয়তো একটা সিজন ব্রেক দেব।” 

তিনি এও জানিয়েছেন, কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে ভবিষ্যতে ‘বিপিএল’ নাম পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠেয় বিসিবির টুর্নামেন্ট কমিটির সমন্বয় সভায় বিপিএলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এই বৈঠক থেকেই বিপিএলের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।

সাহাবুদ্দিনের আগের অপরাধের বিচারে বাধা নেই
  • ২৮ জুলাই ২০২৬
নবীনদের পদচারণে মুখর গোবিপ্রবি ক্যাম্পাস: স্বপ্ন, প্রত্যাশা…
  • ২৮ জুলাই ২০২৬
৯৯৯ নম্বরে ফোনকল, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১
  • ২৮ জুলাই ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৯ হাজার গ্রেপ্তার
  • ২৮ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা, যাচ্ছেন তাসকিনও
  • ২৮ জুলাই ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান স…
  • ২৮ জুলাই ২০২৬