নাহিদ রানা © সংগৃহীত
পিএসএলের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন নাহিদ রানা, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সিরিজসেরা হনও এই পেসার। তবে, চলমান টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি তার।
যদিও ওয়ানডে সিরিজ শেষে বিসিবি জানায়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতেই আপাতত পিএসএলে ফিরছেন না নাহিদ। অন্যদিকে চোটের কারণে পাকিস্তানে যেতে পারেননি আরেক পেসার মোস্তাফিজুর রহমানও। তবে এবার নাহিদকে পাকিস্তানের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফের যেতে অনুমতি পাচ্ছেন নাহিদ।
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে নাহিদকে পিএসএল ফাইনাল খেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়টির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।’
পাশাপাশি, দলের ম্যানেজমেন্ট ও বিসিবির চিকিৎসক দল নাহিদকে খেলতে অনুমতি দিয়েছে বলেও জানায় বিসিবি। আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে এবারের পিএসএলের ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার জিতে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার। তাদের সঙ্গে ফাইনালে যাওয়ার দৌড়ে আছে হায়দারবাদ কিংসম্যান-মুলতান সুলতান ও ইসলামাবদ ইউনাইটেড।
এবারের পিএসএল দিয়েই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় নাহিদ রানার। পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ৭ উইকেট নেন তিনি, যেখানে তার ইকোনমি রেট ৫ দশমিক ৪২।