সিটি করপোরেশনের অভিযান © টিডিসি ফটো
বরিশাল নগরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক দখল করে বসানো ২০টি লোহার বক্স স্টল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় অর্ধশতাধিক ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে নগরের চৌমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে উচ্ছেদ শাখার কর্মীরা এতে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌমাথা বাজারের সামনে থেকে অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশ, সরকারি হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বসানো দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
চৌমাথা সিটি মার্কেটের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একাংশ দখল করে লোহার বক্স স্টল বসানো হয়েছিল। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সেখানে ২০টি ফলের দোকান স্থাপন করা হয়। রবিবারের অভিযানে বুলডোজার দিয়ে এসব স্টল ভেঙে ফেলা হয়।
আরও দেখুন: ১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান সাংবাদিকদের বলেন, নগরের ফুটপাত দখলমুক্ত রাখা এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। চৌমাথা এলাকাতেও অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সকালে উচ্ছেদ করা হলে বিকেলেই আবার ফুটপাত দখল হয়ে যায়।
সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ সিকদার বলেন, গুরুত্বপূর্ণ চৌমাথা এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু অভিযানের এক-দুই দিনের মধ্যেই ক্ষুদ্র ব্যবসায়ীরা আবার ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও দেখুন: ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
উচ্ছেদ অভিযান শেষে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ওই অংশে সড়ক ও ফুটপাতের জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্থায়ীভাবে দখল রোধে নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে।