ক্ষুব্ধ দুর্নীতি-অনিয়মে

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা

০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ PM
দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা © সংগৃহীত ও সম্পাদিত

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী কায়দায় দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির এক স্থানীয় নেতা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগকারী নেতা মো. গোলাম রব্বানী লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জানান, ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার দুর্নীতি ও অনিয়মে ক্ষুব্ধ হয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও দাবি করেন।

গোলাম রব্বানী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে ইউনিয়ন পর্যায়ের কিছু নেতার দুর্নীতির কারণে স্থানীয়দের নানা কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হচ্ছিল তাকে। এ বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকেও চাপের সম্মুখীন হন তিনি। এসব কারণেই বাধ্য হয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এইমাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম। যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে, তখন সেখানে যোগ দিতে পারি।

ঘটনার সময় স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে প্রকাশ্যে পদত্যাগের ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটে লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মো. গোলাম রব্বানী সভাপতি এবং আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ বিষয়ে বক্তব্য জানতে লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। 

তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, গোলাম রব্বানী মূলত জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন না। সুযোগ-সুবিধার আশায় তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে আমাদের ধারণা। বর্তমানে সেই সুযোগ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।

মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬