পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © এআই সৃষ্ট ছবি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হবে বলে প্রাথমিকভাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন। ফলে এগিয়ে আসবে এইচএসসি পরীক্ষাও। এইচএসসির ফল প্রকাশের পরপরই কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের কাজ করার কথা বলেছেন।
এমন সিদ্ধান্ত এলে আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অন্তত তিন থেকে চার মাস এগিয়ে আসতে পারে। চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা অক্টোবর নভেম্বর ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ভর্তি প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে কথা বললেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। আলোচনায় এসেছে এক ভর্তি পরীক্ষাও।
সরকারি চার দপ্তর একসঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে কমিশন জানিয়েছে। ভর্তি প্রক্রিয়া নিয়ে কমিশনের বক্তব্য জানতে চাইলে জনসংযোগ দপ্তর দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, একক ভর্তি পরীক্ষার বিষয়ে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কথা বলে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে।
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: কুবিতে নবীনদের র্যাগিংয়ের অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে, পরীক্ষা স্থগিত
শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর ফলে এসএসসি পরীক্ষা অন্তত চারমাস এগিয়ে আসতে পারে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত ২১ এপ্রিল, চলবে ২০ মে পর্যন্ত চলবে। আর এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়েছে ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত। ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করলে অক্টোবর মাসের শুরুতেই ফলাফল প্রকাশ হতে পারে। সে হিসেবে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নভেম্বর থেকে শুরু হতে পারে।
আগামী বছরের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে শুরু হলে তা জানুয়ারিতে শেষ হওয়া কথা। এর দুই মাস পর মার্চের দিকে এইচএসসি পরীক্ষা শুরু হলে এপ্রিলে শেষ হবে। এ পরীক্ষা ফেব্রুয়ারিতেও হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ৬০ দিনের মধ্যে অর্থাৎ জুনের শেষে ফলাফল প্রকাশ হলে জুলাই থেকেই ভর্তি যুদ্ধে নামতে হতে পারে শিক্ষার্থীদের। অর্থাৎ মন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী বছরের ভর্তি পরীক্ষা অন্তত চার মাস এগিয়ে আসতে পারে ভর্তি পরীক্ষা।
গত বছরের ২৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল একই ইউনিটে ৩ জানুয়ারি। গত ২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। যদিও সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন সদ্য পাস হওয়ায় ভর্তি পরীক্ষা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।