© ফাইল ছবি
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। আগামী শুক্রবার মেডিকেলের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় করতে বিগত কয়েকবছর ধরে উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’ আলোচনায় বসে। সেখানে কোন বিশ্ববিদ্যালয় কবে তাদের ভর্তি পরীক্ষা নিতে চায় সে বিষয়ে একটি সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করা হয়।
আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হলেও এবার এখনও সভায় বসেনি বিশ্ববিদ্যালয় পরিষদ। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুয়েকটির শিক্ষক সংগঠন এই ভর্তি পরীক্ষায় ‘না’ করায় এখনও কোন সিদ্ধান্ত হয়নি সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে। ফলে অনিশ্চয়তায় ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এ কারণে মূলত উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’ আলোচনায় বসেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কবে এই সভায় বসবেন উপাচার্যরা, জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আজ শনিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। গুচ্ছভুক্ত বিশ্ববদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা নিয়েও আলোচনা চলছে। এখন পর্যন্ত একইদিনে একাধিক বিশ্ববিদ্যালয়র ভর্তি পরীক্ষা হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। এ কারণে সভা নিয়ে আলোচনা হয়নি এবং শিগগিরই সভা হওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে সভা হলে ঈদের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধায় শীর্ষে পবিপ্রবি, তলানিতে জবি
বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন পর্যন্ত সভার তারিখ নির্ধারণ হয়নি। তবে আগামী এপ্রিলের মধ্যে সভা অবশ্যই করতে হবে বলে তিনি জানান।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এদের মধ্যে আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধ। পরবর্তীতে ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ', 'বি' ও 'সি' এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবারও ২ ধাপে ভর্তি পরীক্ষা নেবে। এরমধ্যে প্রাথমিক বাছাইয়ের জন্য আগামী ২০ মে ২ শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।