ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে কৃষকদের দিল্লি পদযাত্রা, হরিয়ানা সীমান্তে আটকে দিল পুলিশ

২১ জুলাই ২০২৬, ০১:১৭ PM
 কৃষকদের আন্দোলন

কৃষকদের আন্দোলন © সংগৃহীত

ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরোধিতা করে দিল্লিতে আয়োজিত ‘কিসান মহাপঞ্চায়েতে’ যোগ দিতে পাঞ্জাব থেকে রওনা হওয়া শত শত কৃষককে হরিয়ানার শম্ভু সীমান্তে আটকে দিয়েছে পুলিশ। রাজধানীতে প্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে কড়া নিরাপত্তা, ব্যারিকেড এবং সিমেন্টের ব্লক বসানো হয়েছে। এতে ক্ষুব্ধ কৃষকরা সীমান্তেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন।

মঙ্গলবার সকালে পাঞ্জাব থেকে কৃষকদের বহর দিল্লির উদ্দেশে রওনা হয়। তবে শম্ভু সীমান্তে পৌঁছানোর পর হরিয়ানা পুলিশ তাদের রাজধানীতে প্রবেশের অনুমতি দেয়নি।

২০২৪ সালের ‘দিল্লি চলো-২’ আন্দোলনের মতো এবারও পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে সিমেন্টের ব্লক, লোহার পেরেক ও একাধিক স্তরের ব্যারিকেড বসিয়ে পুরো এলাকা কার্যত দুর্গে পরিণত করা হয়েছে।

দিল্লিতে যেতে না পেরে কৃষকরা শম্ভু সীমান্তেই অবস্থান নেন এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দিল্লিতে গিয়ে নিজেদের দাবি জানানোর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ জন্য তারা হরিয়ানা ও পাঞ্জাব—দুই রাজ্য সরকারের সমালোচনা করেন।

বিকেইউ (শহীদ ভগৎ সিং)-এর নেতা তেজবীর সিং অভিযোগ করেন, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভৌগোলিক সীমানার ভেতরে ঢুকে ব্যারিকেড তৈরি করেছে। তিনি বলেন, 'পাঞ্জাব সরকার এই পদক্ষেপ ঠেকানোর বদলে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।'

পাঞ্জাবের কৃষকদের আটকে দেওয়া হলেও হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্রসহ বিভিন্ন জেলার স্থানীয় কৃষকেরা দিল্লির উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছেন।

‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে আয়োজিত এই কিসান মহাপঞ্চায়েতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন কৃষক সংগঠন অংশ নেয়। তাদের মূল দাবি, প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।

কিসান মজদুর সংঘর্ষ কমিটির (কেএমএসসি) নেতা সারওয়ান সিং পান্ধের জানান, কেএমএসসি, কিসান মজদুর মোর্চা (পাঞ্জাব), আজাদ কিসান মোর্চা এবং বিকেইউ একতা সংঘর্ষের সদস্যরা পাঞ্জাবের বিভিন্ন এলাকা থেকে রওনা হলেও শেষ পর্যন্ত শম্ভু সীমান্তেই তাদের আটকে দেওয়া হয়।

পান্ধের বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে দুই দেশই ওই বছরের শরতের মধ্যে বহুমাত্রিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল।

তার দাবি, এই চুক্তি শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আওতায় কৃষি, দুগ্ধজাত পণ্য, শিল্প, ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, বিনিয়োগ, সরকারি ক্রয়, মেধাস্বত্ব এবং সেবা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রও যুক্ত হতে পারে।

কৃষক নেতাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতের কৃষি ও দুগ্ধ খাতে আরও বেশি প্রবেশাধিকার চেয়ে আসছে। বিশেষ করে সয়াবিন, ভুট্টা, তুলা, ইথানল, আপেল, বাদাম, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও মৎস্যপণ্যের ওপর শুল্ক কমানো এবং বিভিন্ন বিধিনিষেধ শিথিল করার দাবি তারা বারবার তুলেছে।

কৃষক সংগঠনগুলোর আশঙ্কা, ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার উন্মুক্ত করে দেওয়া হলে কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রতিযোগিতায় টিকতে পারবেন না। একই সঙ্গে তারা অভিযোগ করেন, চুক্তির খসড়া ও শর্তাবলি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি, ফলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে।

সংগঠনগুলোর দাবি, ভারতের শুধু দুগ্ধ খাতেই প্রায় ৮ কোটি গ্রামীণ পরিবারের জীবিকা নির্ভরশীল। এই খাত ক্ষতিগ্রস্ত হলে কৃষক, দুগ্ধ উৎপাদক, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এবং গ্রামীণ অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে।

এ কারণে ‘দেশ বাঁচাও মোর্চা’ কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির সব নথি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে। পাশাপাশি কৃষক, শ্রমিক, দুগ্ধ উৎপাদক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে বিস্তারিত আলোচনা ছাড়া কোনো চুক্তিতে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে।

জামায়াত এমপির ইস্যুতে কুৎসিতভাবে ডিফেন্ড করবে শিবির-ছাত্রীস…
  • ২১ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে গৃহবধূকে …
  • ২১ জুলাই ২০২৬
গোয়েন্দা প্রতিবেদন হাতে, প্রাথমিকের ১৪ হাজার শিক্ষককের প্রশ…
  • ২১ জুলাই ২০২৬
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্…
  • ২১ জুলাই ২০২৬
তনু হত্যা মামলা: নতুন করে আরও ২ সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের …
  • ২১ জুলাই ২০২৬
নতুন ক্যাটাগরির ভিসা চালু করল সৌদি আরব 
  • ২১ জুলাই ২০২৬