এখন থেকে থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না © সংগৃহীত
একই শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় পাস করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হলে শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। তবে নির্ধারিত সীমার মধ্যে প্রতিবছর সেশন চার্জ নিতে পারবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে এমপিও (মাসিক বেতন-ভাতার সরকারি অংশ) বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় প্রতিষ্ঠান ও অবস্থানভেদে ভর্তি ও সেশন চার্জের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে মফস্বল এলাকার স্কুলে সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌরসভা এলাকায় ১ হাজার টাকা এবং জেলা সদর পৌরসভা এলাকায় ২ হাজার টাকা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকার স্কুলে ভর্তি ও সেশন চার্জ বাবদ সর্বোচ্চ ৩ হাজার টাকা আদায় করা যাবে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত স্কুলের ক্ষেত্রে ভর্তি ও সেশন চার্জের সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা। অন্যদিকে, আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ফি বাবদ সর্বোচ্চ ৩ হাজার টাকা আদায়ের বিধান রাখা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর নির্ধারিত সেশন চার্জ নেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে ভর্তি ফি কিংবা পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। অর্থাৎ, একই স্কুলে ধারাবাহিকভাবে পড়াশোনা করা শিক্ষার্থীদের পুনরায় ভর্তি ফি দিতে হবে না।
এদিকে, সরকারি স্কুলের ভর্তি নীতিমালায় একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি বা সেশন চার্জ আদায়ের বিষয়ে পৃথক কোনো নির্দেশনা উল্লেখ করা হয়নি।