ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 

১৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ AM
থমাস ইগলেসিয়াসের হাতে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

থমাস ইগলেসিয়াসের হাতে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধে নীরবতা ও শিষ্টাচার বজায় রাখতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার সহযোগীদের সতর্ক করেছিলেন এক সেনাসদস্য। এবার সেই সেনাসদস্যকেই সামরিক পদক দিয়েছেন হেগসেথ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পেন্টাগনে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীর স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসের হাতে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ তুলে দেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অবস্থিত ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ বা অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধে এ ঘটনা ঘটে।

ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হেগসেথ, তার স্ত্রী জেনিফার এবং কয়েকজন জ্যেষ্ঠ সহযোগী সমাধিসৌধের সামনের খালি সিঁড়িতে ছবি তুলছিলেন। এ সময় তাদের কথাবার্তা ও হাসির শব্দ শুনে দায়িত্ব পালনরত সেনাসদস্য ইগলেসিয়াস নীরবতা বজায় রাখার নির্দেশ দেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’ ইগলেসিয়াসের এই সতর্কবার্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে। পরে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সেনাসদস্যের পদক্ষেপের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, ইগলেসিয়াস যথাযথভাবে এবং সম্মানের সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার পেন্টাগনে সমাধিসৌধটির নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের স্বাগত জানান হেগসেথ। এ সময় ইগলেসিয়াসকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ দেওয়া হয়। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাকে এ পদক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে হেগসেথ লেখেন, 'আমরা সেনাসদস্যদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মান বজায় রাখাকে গুরুত্ব দিই। খুব ভালো করেছেন, স্পেশালিস্ট।'

উল্লেখ্য, ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তুলনামূলক উচ্চপর্যায়ের সম্মাননাগুলোর একটি। সাধারণত নিম্নপদস্থ তালিকাভুক্ত সেনাসদস্যদের এ পদক দেওয়া হয় না।

এদিকে নতুন করে অভিশংসনের হুমকির মুখে রয়েছেন হেগসেথ। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদে তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি এ উদ্যোগের নেতৃত্ব দেন এবং ডেমোক্র্যাটরা এতে সমর্থন জানান। মঙ্গলবারের ভোটে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়।

তবে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার প্রত্যাশায় থাকা ডেমোক্র্যাটরা হেগসেথের বিরুদ্ধে তদন্ত ও অভিশংসনের উদ্যোগ নতুন করে শুরু করার ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে অভিশংসনের উদ্যোগকে হাস্যকর বলে মন্তব্য করেন হেগসেথ। তার দাবি, সংবিধান অনুযায়ী তাকে অপসারণের মতো গুরুতর কোনো অপরাধ তিনি করেননি। তিনি বলেন, 'এটি দেশপ্রেম নয়, এটি অন্তর্ঘাত।'

ইরান যুদ্ধ পরিচালনা, লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌযানে মার্কিন সামরিক হামলা এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরখাস্তের ঘটনায়ও সমালোচনার মুখে রয়েছেন হেগসেথ।

অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধের বিশেষ মর্যাদা

যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রদ্ধাভাজন যুদ্ধস্মৃতিস্তম্ভ হলো ‘টম্ব অব দ্য আননোন সোলজার’। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরীয় যুদ্ধে নিহত যেসব মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা যায়নি, তাদের কয়েকজনের সমাধি রয়েছে এখানে।

১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তৃতীয় ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা ২৪ ঘণ্টা এ সমাধিসৌধ পাহারা দিয়ে আসছেন। ‘দ্য ওল্ড গার্ড’ নামে পরিচিত এই ইউনিটের সদস্যরা আবহাওয়া যেমনই থাকুক, সার্বক্ষণিক পাহারার দায়িত্ব পালন করেন।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950