ইরানের হুমকি পেয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর 

১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ PM
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট © সংগৃহীত

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাসা ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা জোরদার করেছে। এর মধ্যে অর্থমন্ত্রী স্কট বেসেন্টও রয়েছেন। তবে তার বিরুদ্ধে আসা হুমকির ভয়াবহতা কতটা, তা স্পষ্ট নয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের অর্থনীতি দুর্বল করতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন বেসেন্ট। দেশটির অর্থনীতিকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরোধ’ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

বেসেন্ট ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিরাপত্তার কারণে নিজেদের বাসা ছেড়ে সামরিক ঘাঁটি বা সুরক্ষিত আবাসনে উঠেছেন। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার।

গত মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে’ তেহরান।

এদিকে গত মাসে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের হামলা বেড়ে যাওয়ার পর সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেয় ওয়াশিংটন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দুটি বিমানঘাঁটি থেকেও কিছু উড়োজাহাজ সরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের চাপের কারণে দেশটির বিরুদ্ধে আরও সামরিক হামলার প্রয়োজনীয়তা কমে এসেছে।

গত আগস্ট থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ পরিচালনা করছেন বেসেন্ট। জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানকে চাপ দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে গুরুত্বপূর্ণ এ জলপথটি প্রায় বন্ধ রয়েছে।

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের পাশাপাশি এ অর্থনৈতিক চাপ কর্মসূচির আওতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকের শাখা এবং ইরানের সঙ্গে লেনদেনে সহায়তাকারী আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে মন্ত্রী দমে যাবেন না। তিনি অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন এবং অবরোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ দুটি পদক্ষেপ একসঙ্গে ইরানের অর্থনীতিকে ধসিয়ে দিচ্ছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বেসেন্ট জর্জটাউনে ১ কোটি ২৫ লাখ ডলারে একটি বাড়ি কেনেন। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল বাড়িটির ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করে। ওই ছবির মাধ্যমে বাড়িটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বেসেন্টকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয় বলে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে।

ওই সূত্র আরও বলেন, ‘জনপ্রতিনিধিদের বিরুদ্ধে হুমকি বাড়তে থাকায় সংবাদমাধ্যমের দায়িত্বশীল আচরণ করা উচিত।’ তবে যুক্তরাষ্ট্রের মাটিতে দেশটির কর্মকর্তা বা নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আগেও অস্বীকার করেছে ইরান।

ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের …
  • ১১ নভেম্বর ২০২৬
জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950