ইরানের সঙ্গে যুদ্ধ শেষ— ট্রাম্পের ঘোষণার পর তেলের দামে বড় পতন

১০ নভেম্বর ২০২৬, ০৯:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়ে এসেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। একই সঙ্গে বেড়েছে ইউরোপের শেয়ারবাজারের প্রধান সূচকগুলো। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত আগস্টের শেষ দিকের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। খবর গার্ডিয়ানের 

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে। গত ৩১ আগস্টের পর এটি সর্বনিম্ন দাম। এর আগে সোমবার (৯ নভেম্বর) তেলের দাম প্রায় ৬ শতাংশ কমেছিল। ইরান সংঘাতের অবসান ঘনিয়ে আসতে পারে—এমন আভাসের পর বাজারে এ পতন দেখা যায়।

অন্যদিকে ইউরোপের শেয়ারবাজারের প্রধান সূচক স্টক্স ৬০০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬৬২ দশমিক ৫৪ পয়েন্টে পৌঁছেছে। সূচকটি গত আগস্টের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তির আশায় রেকর্ড উচ্চতায় উঠেছিল। মঙ্গলবারের উত্থানে সেটি আবার রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছে।

তেলের দাম কমার সম্ভাবনায় উড়োজাহাজ পরিবহন খাতের শেয়ারেও ইতিবাচক প্রভাব পড়েছে। জ্বালানি ব্যয় কমার আশায় জার্মানির লুফথানসার শেয়ার ১ দশমিক ৮ শতাংশ এবং এয়ার ফ্রান্স-কেএলএমের শেয়ার ১ দশমিক ২ শতাংশ বেড়েছে।

যুক্তরাজ্যের লন্ডন স্টক এক্সচেঞ্জে এফটিএসই ১০০ সূচক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১০ হাজার ৮২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে তেলের দাম কমায় জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারে দরপতন হয়েছে। দেশটির তেল কোম্পানি বিপির শেয়ার ১ দশমিক ৭ শতাংশ এবং শেলের শেয়ার ১ দশমিক ৫ শতাংশ কমেছে।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের কাছ থেকে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মিত্ররা ভালোভাবে সুরক্ষিত রয়েছে। এ মুহূর্তে সামরিক উত্তেজনা বাড়ানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়াটা খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে যেকোনো পরিস্থিতির জন্য আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি।’

বাজার বিশ্লেষকেরা বলছেন, তেলের দাম কমা এবং প্রযুক্তি খাতের শেয়ারে নতুন করে বিনিয়োগ বাড়ায় বিশ্ববাজারে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মূল্যস্ফীতি ও করপোরেট খাতের ঝুঁকি এখনো কাটেনি।

বিনিয়োগ প্ল্যাটফর্ম ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ড্যানিয়েলা হ্যাথর্ন বলেন, ওয়াল স্ট্রিটে শক্তিশালী লেনদেনের পর বিশ্ববাজারে পুনরুদ্ধারের ধারা অব্যাহত রয়েছে। তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া এবং প্রযুক্তি খাতের শেয়ারে নতুন করে বিনিয়োগ বাড়ায় বাজারে এ ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।

তবে মূল্যস্ফীতি কমার বিষয়ে আরও তথ্য-প্রমাণ চায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। মঙ্গলবার গ্রিনিচ মান সময় বেলা ১টা ৩০ মিনিটে অক্টোবর মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের কথা রয়েছে।

হ্যাথর্ন আরও বলেন, ‘ভূরাজনৈতিক পরিস্থিতির উন্নতির কারণে বাজার সুবিধা পাচ্ছে। তবে সামষ্টিক অর্থনীতি ও করপোরেট খাতের ঝুঁকিগুলো এখনো অমীমাংসিত। জ্বালানির দাম কমলে মূল্যস্ফীতির প্রত্যাশা কমতে পারে। তবে নীতি সুদহার নিয়ে অবস্থান পরিবর্তনের আগে ফেডারেল রিজার্ভকে মূল্যস্ফীতি আরও বিস্তৃতভাবে কমার প্রমাণ পেতে হবে।’

তিনি বলেন, ‘আজকের মূল্যস্ফীতির পরিসংখ্যান বাজারের পুনরুদ্ধারকে আরও শক্তিশালী করবে, নাকি অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীলতা ও মূল্যচাপের কারণে দীর্ঘ সময় ঋণের খরচ বেশি থাকার আশঙ্কা তৈরি করবে—এটাই এখন বড় প্রশ্ন। প্রযুক্তি খাতের শেয়ারের মূল্য এখনো সুদের হারের ওপর নির্ভরশীল। তাই মূল্যস্ফীতির পরিসংখ্যানে নতুন করে অপ্রত্যাশিত কিছু দেখা গেলে বাজারে আবার অস্থিরতা তৈরি হতে পারে।’

এদিকে পাইকারি বাজারে তেলের দাম কমার প্রভাব খুচরা জ্বালানির দামেও পড়বে বলে আশা করছেন গাড়িচালকেরা। যুক্তরাজ্যের অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএ) সোমবার জানিয়েছে, অক্টোবরের শুরুর তুলনায় দেশটিতে প্রতি লিটার পেট্রলের গড় দাম ৫ পেন্স কমে ১৬৯ দশমিক ৭ পেন্সে দাঁড়িয়েছে। পাইকারি বাজারের পরিস্থিতি অনুযায়ী, সামনে প্রতি লিটারে আরও ১০ পেন্স দাম কমতে পারে।

প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950