অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা

১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ AM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন © সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা ঘিরে দেশটিতে শুরু হয়েছে ব্যতিক্রমী এক বৈজ্ঞানিক গবেষণা। মানুষের আয়ু বাড়ানো এবং বার্ধক্যের রহস্য উন্মোচনের লক্ষ্যে হাজার হাজার বানরের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন রুশ বিজ্ঞানীরা। এসব গবেষণায় বানরের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। গবেষণার লক্ষ্য, দীর্ঘজীবী বানরদের শরীরে বার্ধক্য প্রতিরোধের এমন কোনো জৈবিক সূত্র খুঁজে পাওয়া, যা মানুষের আয়ু বাড়ানোর পথ দেখাতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গবেষণাটির নেতৃত্ব দিচ্ছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সি মিখাইল কোভালচুক। তার পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এসব বানরের মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দীর্ঘজীবী একটি দলকে, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের বেশি।

সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, বানরগুলোর বার্ধক্যের বিভিন্ন পর্যায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।

কোভালচুকের ভাষ্য, মানুষের সঙ্গে শারীরবৃত্তীয় মিল সবচেয়ে বেশি হওয়ায় প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীদের ওপর গবেষণা মানুষের আয়ু বাড়ানোর বৈজ্ঞানিক ভিত্তি তৈরিতে সহায়তা করতে পারে।

শুধু পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নেই এই উদ্যোগ। দীর্ঘজীবী বানরগুলোর রক্তের নমুনা সংরক্ষণের জন্য বিশেষ বায়োব্যাংকও তৈরি করেছেন রুশ গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এ প্রকল্প।

কেন্দ্রটির পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, সংরক্ষিত রক্তের নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। এসব তথ্য ভবিষ্যতে মানুষের বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর করার গবেষণায় কাজে লাগতে পারে।

তবে এই গবেষণার সঙ্গে পুতিনের ব্যক্তিগত দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার যোগসূত্র নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে।

খোলা মাইক্রোফোনে ধারণ করা ওই কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও জীবপ্রযুক্তির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এমনকি ভবিষ্যতে মানুষ অমরত্ব অর্জন করতে পারে কি না, সেই প্রসঙ্গও উঠে আসে।

এরপর মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি প্রদর্শনীতে পুতিন নিজেই মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনার কথা বলেন। তবে তার মতে, এত দীর্ঘ আয়ুও যথেষ্ট নয়।

মানুষের আয়ু বাড়ানোর লক্ষ্যে বানর নিয়ে গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের ত্রিমাত্রিক (থ্রিডি) বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির চেষ্টা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে জিন থেরাপি নিয়েও গবেষণা চলছে দেশটিতে।

এ ছাড়া ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা নিয়েছে রাশিয়া।

এসব গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন।

সব মিলিয়ে, মানুষের স্বাভাবিক আয়ুর সীমা অতিক্রম করার লক্ষ্যে রাশিয়ায় বিজ্ঞানভিত্তিক নানা উদ্যোগ চলছে। পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা এসব গবেষণাকে নতুন করে আলোচনায় এনেছে। তবে বানরের শরীরে বার্ধক্যের রহস্য উন্মোচন করতে পারলেই মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, এমন নিশ্চয়তা এখনো দিতে পারেননি বিজ্ঞানীরা। মৃত্যুকে জয় করার এই প্রচেষ্টা শেষ পর্যন্ত কতটা সফল হয়, তা জানতে অপেক্ষা করতে হবে আরও অনেক দিন।

বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
পরীক্ষায় অসদুপায়: বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কিং সাইকো’ গ্রুপের লিডার বিশাল গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিদিনের যে অভ্যাসগুলোতে শরীরে ঢুকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস…
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন এই ৫ খাবার, সতর্ক হোন এখনই 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950